Operation Sindoor: নির্ভুল প্রত্যাঘাত, অপারেশন সিঁদুরে রাতভর নজর রাখলেন প্রধানমন্ত্রী মোদী
Operation Sindoor: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। হামলাকারী ও ষড়যন্ত্রীরা ছাড়া পাবে না বলে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দেওয়া হবেই। কড়া হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় আঘাত হানল ভারতীয় সেনা। রাত ১ টা ৪০ মিনিট থেকে ২ টা ২০ মিনিট পর্যন্ত অভিযানে গুঁড়িয়ে দিল একাধিক জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয়েছে কমপক্ষে ১০০ জঙ্গিকে। সূত্রের খবর, মধ্যরাতে ভারতীয় সেনার এই অপারেশন সিঁদুরে নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। হামলাকারী ও ষড়যন্ত্রীরা ছাড়া পাবে না বলে কড়া বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
বুধবার মধ্যরাতের পর পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়। ভারতীয় সেনার তরফে জানানো হয়, শুধুমাত্র জঙ্গিঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। পাকিস্তান সেনার পরিকাঠামোয় কোনও আঘাত হানা হয়নি।
যে জায়গাগুলিতে আঘাত হানা হয়েছে, তার মধ্যে রয়েছে বাহাওয়ালপুর। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাহাওয়ালপুর। মুরিদকেতে লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টারেও আঘাত হানা হয়।
কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, অপারেশন সিঁদুরে রাতভর নজর রাখেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে প্রতি মুহূর্তে আপডেট দেন চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান এবং বায়ুসেনার প্রধানও বারবার প্রধানমন্ত্রীকে তথ্য দেন। জঙ্গিঘাঁটি লক্ষ্য করে আঘাত হানার পর বিশ্বের একাধিক দেশকে এই অভিযান নিয়ে জানায় ভারত। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় যে আঘাত হানা হয়নি, তা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় সেনা।

