Flydubai Flight: ‘আপনি হিরো’, ককপিটে ছুরির আঘাত সহ্য করে প্রাণ বাঁচান ১৭৪ বিমান যাত্রীর, ভারতীয় ক্যাপ্টেনের প্রশংসায় মোদী
জানা গিয়েছে, স্মিত মাচ্ছরের বাণিজ্যিক বিমান চালানোর অভিজ্ঞতা ১৩ বছরেরও বেশি। তিনি ২০২২ সালে ফ্লাইদুবাইয়ে ক্যাপ্টেন হিসেবে যোগ দেন। তার আগে প্রায় ১১ বছর স্পাইসজেটে কাজ করেছেন। বোয়িং ৭৩৭ বিমানে তাঁর প্রায় ৯,৭৫০ ঘণ্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে।

নয়া দিল্লি: মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতি। দুবাই থেকে তেল আভিভগামী ‘ফ্লাইদুবাইয়ের’ বিমানের ককপিটে আচমকাই শুরু হয় পাইলট ও কো-পাইলটের মধ্যে সংঘর্ষ। অভিযোগ, কো-পাইলট ছুরি নিয়ে হামলা করেন ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছরের উপর। গুরুতর আহত হয়েও পরিস্থিতি সামাল দিতে লড়াই চালিয়ে যান তিনি। তাঁর সাহসিকতার জেরেই বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরকে ‘হিরো’ বলে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
বুধবার দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে উড়েছিল ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমান। বিমানে প্রায় ১৭৪ জন যাত্রী ছিলেন। উড়ানের মাঝপথে ককপিটে পাইলট ও কো-পাইলটের মধ্যে আচমকা সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, ওমানের নাগরিক কো-পাইলট ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের উপর ছুরি নিয়ে হামলা করেন। ঘটনায় গুরুতর জখম হন স্মিত।
Captain Smit Machchhar is a HERO.
In the face of the gravest danger and despite being seriously injured, he showed immense courage and an unwavering resolve to protect the lives of others.
His valour helped save hundreds of lives and avert a great tragedy.
India is proud of…
— Narendra Modi (@narendramodi) October 1, 2026
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন যাত্রীদের প্রাণ রক্ষার্থে বিমানটি থেকে জরুরি সংকেত পাঠানো হয়। পরপর দু’টি সঙ্কেত পাঠানো হয়েছিল। বিমানকে সৌদি আরবের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রী ও বিমানে থাকা অন্য ক্রু সদস্যরা কো-পাইলটকে সাহায্য করে। এরপর বিমানে থাকা অন্য দুই পাইলটের সহায়তায় বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। বিমানের সমস্ত যাত্রী ও ক্রু নিরাপদে ছিল।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, গুরুতর আহত হওয়ার পরেও স্মিত পাল্টা প্রতিরোধ করেন এবং ককপিটের দরজা খুলে দেন। এর ফলে যাত্রী ও ক্রু সদস্যরা হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে তিনি লেখেন, “ক্যাপ্টেন স্মিত একজন হিরো।” মোদি জানান, ভয়াবহ পরিস্থিতি এবং গুরুতর আহত অবস্থাতেও অন্যদের জীবন রক্ষায় স্মিত যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। তাঁর সাহসিকতার কারণে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন তিনি।
কে এই স্মিত?
জানা গিয়েছে, স্মিত মাচ্ছরের বাণিজ্যিক বিমান চালানোর অভিজ্ঞতা ১৩ বছরেরও বেশি। তিনি ২০২২ সালে ফ্লাইদুবাইয়ে ক্যাপ্টেন হিসেবে যোগ দেন। তার আগে প্রায় ১১ বছর স্পাইসজেটে কাজ করেছেন। বোয়িং ৭৩৭ বিমানে তাঁর প্রায় ৯,৭৫০ ঘণ্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে।
ফ্লাইদুবাই জানিয়েছে, ককপিটে ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত, তার তদন্ত চলছে।
