IRS অফিসারের মেয়েকে বাড়ি ঢুকে ‘ধর্ষণ’, চার্জার পেঁচিয়ে খুন করল প্রাক্তন পরিচারক!
Delhi Crime: দিল্লিতে আইআরএস অফিসারের মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ। গ্রেফতার করা হল বাড়ির প্রাক্তন পরিচারককে। বুধবার দক্ষিণ-পূর্ব দিল্লির কৈলাশ হিলসের বাড়ি থেকে উদ্ধার হয় ২২ বছরের তরুণীর দেহ। অভিযুক্তের বিরুদ্ধে আরও এক যুবতীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে।

নয়া দিল্লি: বীভৎস, ভয়ঙ্কর! দিল্লিতে আইআরএস অফিসারের মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ। গ্রেফতার করা হল বাড়ির প্রাক্তন পরিচারককে। বুধবার দক্ষিণ-পূর্ব দিল্লির কৈলাশ হিলসের বাড়ি থেকে উদ্ধার হয় ২২ বছরের তরুণীর দেহ। অভিযুক্তের বিরুদ্ধে আরও এক যুবতীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে একাই ছিলেন যুবতী। পরিবারের সদস্যরা এসে তাঁর নিথর দেহ উদ্ধার করে। তারপরই পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ১৯ বছরের যুবক। সে প্রথমে ওই যুবতীকে ধর্ষণ করে এবং তারপর মোবাইল চার্জারের তার পেঁচিয়ে হত্যা করে।
অভিযুক্ত মঙ্গলবার রাজস্থানের আলওয়ারে এক যুবতীকে ধর্ষণ করে। সেখান থেকে দিল্লিতে পালিয়ে আসে। এই পরিবারের জন্য আগে কাজ করত অভিযুক্ত। কয়েক মাস আগে তাঁকে ছাড়িয়ে দেওয়া হয়। বুধবার ভোর ৬টা নাগাদ অভিযুক্ত বাড়িতে আসে। দরজা খুলতেই যুবতীর উপরে হামলা করে। তাঁকে ধর্ষণ করে। এমনকী লাঠি দিয়ে গুরুতর আঘাতও করে। মোবাইল চার্জারের তার পেঁচিয়ে হত্যার পর যুবতীর দেহ টেনে নীচে আনে। তাঁর আঙুনের ছাপ ব্যবহার করে লকার খোলারও চেষ্টা করে। ব্যর্থ হয়ে, আড়াই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
তবে বেশিদূর পালাতে পারেনি অভিযুক্ত। দ্বারকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
