Supreme Court on Prasant Barman: ‘পুলিশ কি অভিযুক্তর সঙ্গে হাত মিলিয়েছে ?’, প্রশান্ত বর্মন মামলায় বলল SC
Supreme Court: এ দিন, শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য তথা পুলিশের ভূমিকা। দেশের সর্বোচ্চ আদালতের প্রশ্ন, "পুলিশ কি অভিযুক্তর সঙ্গে হাত মিলিয়েছে? কোর্টের নির্দেশের পরও কেন গ্রেফতার করা যাচ্ছে না?" বিচারপতি অরবিন্দ কুমার বলেন, "আমরা আপনার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করব। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।"

দিল্লি: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)-এর রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছিলেন বিডিও প্রশান্ত বর্মন (Prasanta Barman)। তবে, তাঁর দায়ের করা আবেদন খারিজ করল বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল পাঞ্চলির ডিভিশন বেঞ্চ। রাজ্য পুলিশকে নিজেদের দায়িত্ব পালন করার নির্দেশ সুপ্রিম কোর্টের। এই নির্দেশ কি আদতে গ্রেফতারের নির্দেশের ইঙ্গিত? উঠছে প্রশ্ন।
এ দিন, শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য তথা পুলিশের ভূমিকা। দেশের সর্বোচ্চ আদালতের প্রশ্ন, “পুলিশ কি অভিযুক্তর সঙ্গে হাত মিলিয়েছে? কোর্টের নির্দেশের পরও কেন গ্রেফতার করা যাচ্ছে না?” বিচারপতি অরবিন্দ কুমার বলেন, “আমরা আপনার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করব। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
প্রশান্ত বর্মনের আইনজীবীর সওয়াল, “সুপ্রিম কোর্টে এই মামলা খারিজ করলে গ্রেফতারি অনিবার্য। ফলে অন্তত শুনানির সুযোগ দেওয়া হোক।” তাৎপর্যপূর্ণভাবে বিচারপতি বলেন, “অন্য কেউ হলে আমরা বিচার করতাম। কিন্তু এই ব্যক্তির ফাইল আমরা পড়ে দেখেছি।” তারপর বিচারপতি জানান, “আমরা রাজ্যের পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখছি। আশা করি তারা তাঁদের দায়িত্ব পালন করবে।”
সেই কবে থেকে বিডিও প্রশান্ত বর্মনকে নিয়ে টানাপোড়েন চলছে। খুনের মামলায় অভিযুক্ত ও সাসপেন্ড হওয়া বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণকে সময় বেধে দিয়ে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তবে, সেই নির্দিষ্ট সময় সীমা শেষ হওয়ার আগেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রশান্ত। সেই মামলাতেই কড়া সুপ্রিম কোর্ট।
