Government AC Bus: বড় ঘোষণা! এবার সরকারি সব বাসই হয়ে যাচ্ছে এসি
Tamil Nadu Government on AC Bus: মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী চান প্রত্যন্ত অঞ্চলগুলিও বাস পরিষেবার মাধ্যমে যুক্ত হোক। পাশাপাশি প্রতিটি নতুন বাসে এমন সব আধুনিক সুবিধা থাকবে, যাতে সব শ্রেণির মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন। তিনি আরও জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজে একটি সরকারি বাসে সফর করেছিলেন।

চেন্নাই: সরকারি বাস পরিষেবায় আসছে বড় পরিবর্তন। এবার থেকে রাজ্যজুড়ে শুধুমাত্র এসি সরকারি বাসই (AC Government Bus) চলবে। ঘোষণা করে দিল তামিলনাড়ু সরকার (Tamil Nadu Government)। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বড় পদক্ষেপ করেছে বিজয়ের নতুন সরকার। মদের দোকান বন্ধ থেকে শুরু করে নবজাতকদের সোনার আংটি উপহার, একাধিক ঘোষণা করেছেন। এবার বাস পরিষেবাতেও বদল আনতে তৎপর সরকার।
কী জানালেন মুখ্যমন্ত্রী?
মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এবার থেকে রাজ্য সরকার শুধুমাত্র শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসই কিনবে। যাতে সাধারণ মানুষ আরও আরামদায়ক এবং উন্নত পরিষেবা পান। সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পরিবহণমন্ত্রী বিজয় তামিঝান পার্থিবান।
মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী চান তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলগুলিও বাস পরিষেবার মাধ্যমে যুক্ত হোক। পাশাপাশি প্রতিটি নতুন বাসে এমন সব আধুনিক সুবিধা থাকবে, যাতে সব শ্রেণির মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন। তিনি আরও জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজে একটি সরকারি বাসে সফর করেছিলেন। সেই অভিজ্ঞতার পরই তিনি নির্দেশ দিয়েছেন, ভবিষ্যতে কেনা প্রতিটি নতুন সরকারি বাসে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হবে।
৩০০টি নতুন বাসের উদ্বোধন
গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী বিজয়, রাজ্যজুড়ে ৩০০টি নতুন সরকারি বাসের উদ্বোধন করেন। যা কিনতে খরচ হয়েছে প্রায় ১২৭.২১ কোটি টাকা। নতুন বাসগুলির মধ্যে রয়েছে ১৬৪টি ডিজেল চালিত বাস এবং ১৩৬টি বিএস-ভিআই মানের সিএনজি বাস। ইতিমধ্যেই কোয়েম্বাটুর ও কিলামবাক্কম-সহ গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র থেকে এই বাসগুলি চালানো শুরু হয়েছে। এর ফলে যাত্রীদের অপেক্ষার সময় কমবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে।
