TMC party symbol battle: ভরসা নেই কমিশনে, এবার প্রতীক বাঁচাতে কার ওপর আস্থা রাখছে মমতা শিবির?
Counter-documents to Election Commission: শেষ পর্যন্ত আইনি পরামর্শ মেনে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ১০ দিনের সময়সীমা অর্থাৎ ১৫ নভেম্বরের মধ্যেই কমিশনে নথি জমা দেওয়ার ব্লুপ্রিন্ট চূড়ান্ত করেছে কালীঘাট। রাজনৈতিক ও আইনি মহলের মতে, কমিশনের অন্দরে নথি আদান-প্রদানের এই জটিলতাকেই সুপ্রিম কোর্টে পাল্টা হাতিয়ার করতে চাইছেন মমতার আইনজীবীরা।

নয়া দিল্লি : দলের নাম ও নির্বাচনী প্রতীক দখলের আইনি লড়াইয়ে জাতীয় নির্বাচন কমিশনের চেয়েও সুপ্রিম কোর্টের রণকৌশলকেই বেশি গুরুত্ব দিচ্ছে কালীঘাট। দলীয় সূত্রে খবর, শীর্ষ আদালতের নির্দেশ এবং নির্ধারিত সময়সীমা মেনেই আগামী ১৫ নভেম্বরের মধ্যে কমিশনে পাল্টা নথি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।
সূত্রের দাবি, ঋতব্রত শিবির কমিশনে তাদের নথিপত্র জমা দেওয়ার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক করতে শুরু করে কালীঘাট। নিয়ম অনুযায়ী, কোনও এক পক্ষ কমিশনে যে নথি জমা দেয়, তার প্রতিলিপি প্রতিপক্ষ শিবিরকে দেওয়া বাধ্যতামূলক। কিন্তু ঋতব্রত শিবিরের তরফে কমিশনকে জানানো হয়েছিল যে, জমা দেওয়া নথির কপি প্রতিপক্ষকে দেওয়া সম্ভব নয়। কমিশন মারফত সেই চিঠির প্রতিলিপি হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ে পাল্টা নথি জমা দেওয়া হবে কি না, তা নিয়ে মমতা শিবিরের অন্দরে প্রাথমিক কিছু দোলাচল তৈরি হয়েছিল।
তবে শেষ পর্যন্ত আইনি পরামর্শ মেনে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ১০ দিনের সময়সীমা অর্থাৎ ১৫ নভেম্বরের মধ্যেই কমিশনে নথি জমা দেওয়ার ব্লুপ্রিন্ট চূড়ান্ত করেছে কালীঘাট। রাজনৈতিক ও আইনি মহলের মতে, কমিশনের অন্দরে নথি আদান-প্রদানের এই জটিলতাকেই সুপ্রিম কোর্টে পাল্টা হাতিয়ার করতে চাইছেন মমতার আইনজীবীরা।
পাশাপাশি, এই লড়াইয়ে আরও দুটি বড় ইস্যুকে সামনে আনতে চলেছে মমতা শিবির—বেআইনিভাবে স্ট্যাম্প পেপার সংগ্রহ এবং পুলিশ-প্রশাসনের একাংশের মদতের অভিযোগ। কমিশনের পাশাপাশি শীর্ষ আদালতের শুনানিতেও এই বিষয়গুলি জোরালোভাবে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে, গোটা প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে অভিযোগ করা হয়েছে, কমিশনে জমা দেওয়ার নথি হাতানোর উদ্দেশ্যে তাঁদের কর্মী-সমর্থকদের বাড়ি এবং অফিসে হামলা চালানো হচ্ছে।
সব মিলিয়ে, কমিশনের প্রক্রিয়াগত নিয়ম মেনে নথি জমা দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনি সওয়ালে প্রতিপক্ষ শিবিরকে চাপে ফেলার কৌশলই এখন কালীঘাটের প্রধান লক্ষ্য।
