Ghatal: ঝুমি নদীর পাড়ে পড়ে ছিল, ৭ লক্ষের প্রকল্প গিলে খেল ‘সে’
Ghatal: মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের অদূরে ঝুমি নদীর পাড়ে রয়েছে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের গাড়ি এবং একটি পানীয় জল সরবরাহ প্রকল্প। এলাকাবাসীর অভিযোগ, স্বচ্ছ ভারত মিশনের অধীনে পাওয়া লক্ষ লক্ষ টাকার বর্জ্য সংগ্রহের গাড়িগুলো একেবারে নতুন অবস্থাতেই খোলা আকাশের নিচে পড়ে রয়েছে।

পশ্চিম মেদিনীপুর: আগাছায় ঢাকছে ‘স্বচ্ছ ভারত মিশন’-এর গাড়ি, চালু হয়নি ৭ লক্ষ টাকার সোলার প্রকল্প, ঘাটালে সরকারি অর্থের অপচয়ের অভিযোগ। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে সরকারি প্রকল্প, অথচ সাধারণ মানুষের কোনও কাজেই আসছে না তা। বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান সরকারি সম্পদ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
মনসুকা-১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের অদূরে ঝুমি নদীর পাড়ে রয়েছে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের গাড়ি এবং একটি পানীয় জল সরবরাহ প্রকল্প। এলাকাবাসীর অভিযোগ, স্বচ্ছ ভারত মিশনের অধীনে পাওয়া লক্ষ লক্ষ টাকার বর্জ্য সংগ্রহের গাড়িগুলো একেবারে নতুন অবস্থাতেই খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে আগাছায় ঢেকে গিয়েছে গোটা গাড়ি। নষ্ট হতে বসেছে যন্ত্রাংশ।
অন্যদিকে, একই চত্বরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের (PHE) উদ্যোগে প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে ২০২৩ সালে একটি গ্রিড-সংযুক্ত সোলার প্ল্যান্ট বসানো হয়েছিল। কিন্তু প্রকল্পটি বসানোর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও তা চালু হয়নি।
একদিকে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি গাড়ি, অন্যদিকে বিদ্যুৎ সংযোগ বা প্রয়োজনীয় অনুমোদনের অভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে লক্ষ লক্ষ টাকার সোলার প্ল্যান্ট। ফলে সরকারি কোষাগারের বিপুল অর্থের অপচয় নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন উঠছে স্থানীয় মহলে।

স্বচ্ছ ভারত মিশনের গাড়ি
এ বিষয়ে মনসুকা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র বলেন, “সোলার প্রকল্পটি চালুর বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিদ্যুৎ দফতরে আবেদন জানানো হয়েছে। তবে এখনও সংযোগের কাজ সম্পন্ন না হওয়ায় প্রকল্পটি চালু করা সম্ভব হয়নি।” পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (SWM) প্রকল্পের গাড়িগুলি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গাড়িগুলি পাওয়া গেলেও প্রয়োজনীয় কর্মীর অভাবে কাজ শুরু করা যায়নি। তবে খুব শীঘ্রই পুনরায় কাজ শুরুর চেষ্টা চালানো হচ্ছে।’’
প্রশাসনের আশ্বাস মিললেও সাধারণ মানুষের প্রশ্ন, কবে হবে বরাদ্দ সরকারি অর্থের সঠিক সদ্ব্যবহার? আর কবেই বা মিলবে কাঙ্ক্ষিত পরিষেবা? এখন সেদিকেই তাকিয়ে মনসুকা-১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।
