AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat: বন্দে ভারতে আধকাঁচা পরোটা! ২ লক্ষ জরিমানা রেলের

Vande Bharat Food: তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। গাফিলতির অভিযোগে সংস্থাটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুধু ক্যাটারিং সংস্থাই নয়,বেস কিচেনে খাবারের নিরাপত্তা এবং মান পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধেও পদক্ষেপ করা হয়েছে। দায়িত্বে গাফিলতির জন্য ওই সংস্থাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে রেল।

Vande Bharat: বন্দে ভারতে আধকাঁচা পরোটা! ২ লক্ষ জরিমানা রেলের
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Aug 22, 2026 | 5:40 PM
Share

নয়া দিল্লি: ট্রেনের (Indian Railway) খাবারের মান নিয়ে প্রায়ই নানা অভিযোগ উঠে আসে। এবার আধকাঁচা পরোটা পরিবেশনের অভিযোগ উঠল। সম্প্রতি, বেনারস-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে (Benaras-New Delhi Vande Bharat) এমন ঘটনা ঘটেছে। যাত্রীর অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করেছে ভারতীয় রেল। ঘটনার তদন্তের পর ক্যাটেরিং সংস্থাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি খাবারের মান পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থাকেও গাফিলতির জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

ঘটনাটি ঘটেছে ১৬ অগস্ট। ২২৪৩৫ নম্বর বেনারস-নয়া দিল্লি বন্দেভারতে সফর করছিলেন ওই যাত্রী। অভিযোগ, ট্রেনে তাঁকে যে পরোটা পরিবেশন করা হয়েছিল, সেটি ঠিকমতো রান্না করা ছিল না। অর্থাৎ আধকাঁচা ছিল। খাবারের মান নিয়ে অসন্তুষ্ট ওই যাত্রী সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরেন। পোস্টে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগও করেন তিনি। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।

২ লক্ষ টাকা জরিমানা

তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। গাফিলতির অভিযোগে সংস্থাটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুধু ক্যাটারিং সংস্থাই নয়,বেস কিচেনে খাবারের নিরাপত্তা এবং মান পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধেও পদক্ষেপ করা হয়েছে। দায়িত্বে গাফিলতির জন্য ওই সংস্থাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে রেল।

তিন বছরে ৫.১৩ কোটি টাকা জরিমানা

ঘটনার কয়েক দিন আগেই রাজ্যসভায় রেলের খাবারের মান নিয়ে তথ্য দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কংগ্রেস সাংসদ চন্দ্রকান্ত হান্ডোরের প্রশ্নের লিখিত জবাবে তিনি জানান, ভারতীয় রেলে প্রতি বছর গড়ে প্রায় ৫৮ কোটির খাবার পরিবেশন করা হয়। সেই তুলনায় গড়ে মাত্র ০.০০০৮ শতাংশ অভিযোগ পাওয়া যায়। রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন বছরে এই ধরনের অভিযোগের তদন্তের ভিত্তিতে মোট ৫কোটি ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

খাবারের মান উন্নত করতে কী করছে রেল?

রেলের তরফে খাবারের গুণমান, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। নির্দিষ্ট বেস কিচেন থেকে ট্রেনের খাবার সরবরাহের পাশাপাশি বিভিন্ন জায়গায় আধুনিক বেস কিচেন তৈরি করা হচ্ছে। এছাড়া খাবার তৈরির প্রক্রিয়ার উপর নজরদারি চালাতে বেস কিচেনে CCTV ক্যামেরা বসানোর ব্যবস্থাও করা হয়েছে। এর মাধ্যমে খাবার তৈরির প্রক্রিয়া রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছে রেল।

Follow Us