Biman Bose: পেসমেকার বসল বিমান বসুর, কেমন আছেন জানালেন সেলিম
Biman Bose pacemaker implant: সিপিএম নেতারা বলছেন, ৮৬ বছর বয়স হলেও এখনও শারীরিক তেমন সমস্যা নেই বিমান বসুর। ৮৬ বছরের 'তরুণ' তিনি। এখনও বামেদের মিছিলে সামনের সারিতে হাঁটতে দেখা যায় তাঁকে। প্রখর রোদেও জনসভায় বক্তব্য রাখেন। গত ১৫ অগস্ট আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।

কলকাতা ও নয়াদিল্লি: চিকিৎসার জন্য দিল্লি এইমস (AIIMS)-এ গিয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। কী হয়েছে প্রবীণ এই নেতার, তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ছড়ায়। অবশেষে সিপিএমের তরফে জানানো হল, পেসমেকার বসানো হয়েছে বিমান বসুর। উদ্বেগের কিছু নেই। সুস্থ আছেন বামফ্রন্ট চেয়ারম্যান। এখনও হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ বাম নেতা। আপাতত তাঁর সঙ্গে দেখা করায় চিকিৎসকদের নিষেধ রয়েছে।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, গত তিন দিন ধরে দিল্লির ওই সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বিমান বসু। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা। বিমান বসুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই জানিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক জানান, বিমান বসুর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চিকিৎসকরা আপাতত বারণ করেছেন। চিকিৎসকরা সিপিএম নেতৃত্বকে জানিয়েছেন, দ্রুত ছেড়ে দেওয়া হবে বিমান বসুকে। চিকিৎসকদের কথা শুনে সেলিমরা মনে করছেন, কয়েকদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কলকাতা ফিরতে পারবেন প্রবীণ বাম নেতা।
সিপিএম নেতারা বলছেন, ৮৬ বছর বয়স হলেও এখনও শারীরিক তেমন সমস্যা নেই বিমান বসুর। ৮৬ বছরের ‘তরুণ’ তিনি। এখনও বামেদের মিছিলে সামনের সারিতে হাঁটতে দেখা যায় তাঁকে। প্রখর রোদেও জনসভায় বক্তব্য রাখেন। গত ১৫ অগস্ট আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। সেদিনও টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর ছোটবেলায় স্বাধীনতা দিবসের স্মৃতি তুলে ধরেন।
প্রশ্ন উঠছে, পেসমেকার বসার পর আগের মতো সমান তালে মিছিলের সামনে হাঁটতে পারবেন বিমান বসু? বয়সকে কি আর আগের মতো গুনে গুনে গোল দিতে পারবেন? হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কয়েকদিন পর কলকাতায় বিমান বসু ফিরবেন বলে সেলিম জানিয়েছেন। সিপিএম নেতৃত্বের বিশ্বাস, কলকাতায় ফেরার পর পুরনো ছন্দেই পাওয়া যাবে প্রবীণ বাম নেতাকে।
