Calcutta High Court on Abhishek: ‘কয়েকজন হাউস গার্ড ছাড়া আর কিছু নেই’, নিরাপত্তা চেয়ে হাইকোর্টে গেলেন অভিষেক
Calcutta High Court: তিনি বলেন, "আমার মক্কেল প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভার নির্বাচনের আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। নির্বাচনের পরে তাঁর নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। বেশ কয়েক বার আক্রান্ত হয়েছেন আমার মক্কেল। বর্তমানে কোনও নিরাপত্তা নেই। শুধু কয়েক জন হাউস গার্ড রয়েছেন। বিষয়টি নিয়ে দ্রুত শুনানি করা হোক।"

কলকাতা: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি ‘শান্তিনিকেতনের’ সামনে থেকে সরানো হয়েছে পুলিশ কিয়স্ক। অতিরিক্ত পুলিশ মোতায়েন, কিয়স্ক, স্ক্য়ানারের নিরাপত্তা সরানো হয়েছে। এর আগে তাঁর জেড প্লাস নিরাপত্তা সরিয়ে, সাংসদদের (MP) যে নিরাপত্তা দেওয়া হয় তা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার অভিষেক নিজের নিরাপত্তার জন্য দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সোমবার আদালতে দ্রুত শুনানির আবেদন করেছেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি বলেন, “আমার মক্কেল প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভার নির্বাচনের আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। নির্বাচনের পরে তাঁর নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। বেশ কয়েক বার আক্রান্ত হয়েছেন আমার মক্কেল। বর্তমানে কোনও নিরাপত্তা নেই। শুধু কয়েক জন হাউস গার্ড রয়েছেন। বিষয়টি নিয়ে দ্রুত শুনানি করা হোক।”
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কার্যত ধাপে-ধাপে কমিয়ে দেওয়া হয়েছে সাংসদের নিরাপত্তা। মে মাসে অতিরিক্ত সমস্ত নিরাপত্তা সরিয়ে দেয় রাজ্য সরকার। জেড প্লাস সরানোর পর কেন্দ্রীয় সরকারের যে নিরাপত্তা সকল সাংসদরা পেয়ে থাকেন সেইটুকুই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সম্প্রতি বাড়ির সামনে সরিয়ে ফেলা হয় পুলিশ কিয়স্ক।
এখানে উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়েছিলেন তাঁর দলের মৃত তৃণমূল কর্মীর সঙ্গে দেখা করতে। সেই সময় তাঁকে মারধর করা হয়। ডিম ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। সেই সময়ই তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এমতাবস্থায় ফের যদি একই ঘটনা ঘটে তাই কি তড়িঘড়ি আদালতের দ্বারস্থ তিনি? প্রশ্ন তুলছেন অনেকেই।
