DHFC: রাজ্যে পালাবদলের পর ‘হারিয়ে’ গেল অভিষেকের ক্লাব, কলকাতা লিগে কেন নেই DHFC?
Diamond Harbour FC Dropped from Kolkata League: ডায়মন্ড হারবার এতদিন যে মাঠে অনুশীলন করত, বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের সেই মাঠও জোর করে দখলে রাখা হয়েছিল বলে অভিযোগ। একের পর এক অভিযোগে বিদ্ধ DHFC ক্লাবের আর অস্তিত্ব থাকবে কি না, তা নিয়েই এবার প্রশ্ন উঠছে। আবার রবিবারই অভিষেকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপর DHFC আদৌ আইএসএল-ও খেলবে কি না, সেটাই এখন দেখার।

কলকাতা: তিনি শুধু ডায়মন্ড হারবার মডেল-ই তৈরি করেননি। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)-ও তৈরি করেছেন। আর তাঁর সেই DHFC এ বছর আইএসএলে খেলার যোগ্যতাও অর্জন করেছে। কিন্তু, রাজ্যে পালাবদলের পরই সেই ফুটবল ক্লাবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। এবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব DHFC কলকাতা লিগ থেকেই বাদ পড়ল। শুধু অভিষেকের ক্লাব নয়, কলকাতা লিগ থেকে বাদ পড়েছে জেলবন্দি তৃণমূল নেতা সুজিত বসুর শ্রীভূমি ফুটবল ক্লাবও। তবে অরূপ বিশ্বাসের সুরুচি সংঘ কলকাতা লিগে এবার খেলছে।
কেন বাদ পড়ল অভিষেক ও সুজিতের ক্লাব?
কলকাতা লিগে খেলার জন্য DHFC-কে চিঠি দিয়েছিল আইএফএ। ৩০ জুনের মধ্যে সেই চিঠির উত্তর দিতে হত। কিন্তু, অভিষেকের ক্লাব আইএফএ-র চিঠির কোনও উত্তর দেয়নি। তাই, এ বছর তারা কলকাতা লিগে খেলার সুযোগ পেল না। একইরকমভাবে আইএফএ-র চিঠির জবাব দেয়নি সুজিতের শ্রীভূমিও। তাই, তারাও এবারের কলকাতা লিগে নেই। এই দুটি দলকে বাদ দিয়েই রবিবার কলকাতা লিগের সূচনা হল। এদিন উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব হিসেবে পরিচিত সুরুচি সংঘ। তারাও কলকাতা লিগে খেলবে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছিল। তবে এবারের কলকাতা লিগে খেলছে অরূপের ক্লাব।
অভিষেকের ক্লাবের এবার কলকাতা লিগে না খেলা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এ বছরই আই লিগ জিতে আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে DHFC। তবে রাজ্যে পালাবদলের পর তাদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ডায়মন্ড হারবার এতদিন যে মাঠে অনুশীলন করত, বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের সেই মাঠও জোর করে দখলে রাখা হয়েছিল বলে অভিযোগ। একের পর এক অভিযোগে বিদ্ধ DHFC ক্লাবের আর অস্তিত্ব থাকবে কি না, তা নিয়েই এবার প্রশ্ন উঠছে। আবার রবিবারই অভিষেকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপর DHFC আদৌ আইএসএল-ও খেলবে কি না, সেটাই এখন দেখার।
