Bank Strike Cancelled: বড় খবর! টানা ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট বাতিল, খোলা থাকবে সব ব্রাঞ্চ
Bank Strike Cancelled: রাত সাড়ে ৯টা নাগাদ ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) ও ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের শীর্ষ প্রতিনিধিদের মধ্যে প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে একটি বৈঠক হয়। তাতে ধর্মঘটের নোটিস ও কর্মীদের দাবিদাওয়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বৈঠকে আলোচনার পর উভয় পক্ষের মধ্যে কিছু সমঝোতা হয়েছে। এর ফলে ব্যাঙ্ক কর্মীদের যৌথ মঞ্চ ইউএফবিইউ-এর তরফে তাঁদের পূর্বঘোষিত সমস্ত আন্দোলন ও ধর্মঘটের কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। এআইবিইএ (AIBEA), আইবুক (AIBOC), এনসিবিই (NCBE), বেফি (BEFI)-সহ যৌথ মঞ্চের অন্তর্ভুক্ত সমস্ত ইউনিয়নগুলির পক্ষে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরো বিষয়টির বিস্তারিত তথ্য দ্রুত প্রকাশ করা হবে।
টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটে গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছিল। ফাইভ ডেজ্ ওয়ার্কিং-সহ একাধিক দাবি নিয়ে সোম থেকে বুধবার পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স’ (ইউএফবিইউ)। এই তিন দিন বন্ধ থাকার কথা ছিল দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক। কিছু বেসরকারি ব্যাঙ্কও বন্ধ থাকার কথা ছিল এই তিন দিন। টানা এতদিন ব্যাঙ্ক ধর্মঘটের জেরে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছিল।
