Yusuf Pathan: ‘বহরমপুরে অধীরের বিরুদ্ধে দাঁড়ানো ব্রেট লি’কে ফেস করার মতো’, টিপস পাচ্ছেন ইউসুফ
Yusuf Pathan: বহরমপুরের ভোটের লড়াইটা অনেকটা ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের মতো করেই দেখছেন পাঠান। জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি তাঁকে বলেছিলেন, বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে দাঁড়ানো মানে ব্রেট লি'কে ফেস করার মতো। তবে সে নিয়ে খুব একটা যে বিচলিত নন তিনি, আজ কলকাতায় এসেই সে কথাও বুঝিয়ে দিলেন ইউসুফ পাঠান।

কলকাতা: ভোটের প্রচারে শহরে এলেন প্রাক্তন নাইট তথা বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। আর কলকাতায় পা রেখেই বহরমপুর নিয়ে মুখ খুললেন তিনি। বললেন, অধীর চৌধুরীর বিরুদ্ধে ভাল ফাইট দেওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। বহরমপুরের ভোটের লড়াইটা অনেকটা ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের মতো করেই দেখছেন পাঠান। জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি তাঁকে বলেছিলেন, বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে দাঁড়ানো মানে ব্রেট লি’কে ফেস করার মতো। তবে সে নিয়ে খুব একটা যে বিচলিত নন তিনি, আজ কলকাতায় এসেই সে কথাও বুঝিয়ে দিলেন ইউসুফ পাঠান। বহরমপুরের তৃণমূল প্রার্থী বলেন, ‘যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতাম, তখন ফাস্টেস্ট ফিফটি করেছিলাম এবং সবাই সেটা দেখেছিল।’
এতদিন বাইশ গজে দাপিয়ে এসেছেন। ঘরের মাঠে, বিদেশের মাটিতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলেছেন। আর এবার তিনি শুরু করতে চলেছেন এক নতুন ইনিংস। রাজনীতির ইনিংস। তার আগে উত্তেজনায় টগবগ করে ফুটছেন ইউসুফ, তা এদিন কলকাতা পা রাখার পর শরীরী ভাষাতেই স্পষ্ট। বুধবার রাতেই কলকাতায় এসেছেন তিনি। শহরের এক বিলাসবহুল হোটেলে নৈশবাস করছেন। সেই হোটেলের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন নাইট বললেন, ‘নতুন ইনিংস শুরু করার আগে আমি এক্সাইটেড। কলকাতা আমার ঘর। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যখন খেলেছি, এখানেই আমার ঘরবাড়ি হয়ে গিয়েছিল। অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে ভালো ফাইট দেব, ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচের মতো।’
উল্লেখ্য, কংগ্রেসের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে বহরমপুরের প্রার্থীর নাম জানানো হয়নি। তবে বহরমপুর থেকে যে অধীরই লড়ছেন, তা একপ্রকার নিশ্চিত। এমন অবস্থায় ভোটের প্রচারে নামার আগে বেশ সাবধানী ইউসুফ। নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও, বহরমপুরের পিচকে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের থেকে কম কিছু দেখছেন না তিনি।
