Bikash Ranjan Bhattacharya: ‘পরিস্থিতি মানুষকে ঠেলে নিয়ে যায়…’ এবার বাংলাতে একসঙ্গে মমতা-সিপিএম? বড় বিবৃতি
Bikash Ranjan Bhattacharya on Mamata’s Message: তিনি আরও বলেন, "প্রত্যেক মানুষই সময়ের সঙ্গে পরিবর্তিত হন। যদি ওঁর বা ওঁর দলের পরিবর্তন হয়, ভালো তো! আমি আমার নির্দিষ্ট পথে হাঁটছি। আমার পথ চলা দেখে কেউ যদি আকর্ষিত হয়ে পিছনে আসে, আমি মুখ ফিরিয়ে বলব না যে তুমি এসো না; বরং চাইব আমাদের সঙ্গে আসুক।"

কলকাতা: প্রবীণ আইনজীবী তথা সিপিআই(এম) নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাসভবনে দুষ্কৃতী হামলার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি বার্তা দেওয়ার পর, তাঁর সেই বার্তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিকাশবাবু।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “পরিস্থিতি মানুষকে বদলায়। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দায়ী। দেরিতে হলেও যদি বুঝে থাকেন, যে সর্বনাশ তাঁরা করেছেন সেই পথ থেকে বেরিয়ে আসবেন, তাহলে ভালো।” তিনি আরও বলেন, “প্রত্যেক মানুষই সময়ের সঙ্গে পরিবর্তিত হন। যদি ওঁর বা ওঁর দলের পরিবর্তন হয়, ভালো তো! আমি আমার নির্দিষ্ট পথে হাঁটছি। আমার পথ চলা দেখে কেউ যদি আকর্ষিত হয়ে পিছনে আসে, আমি মুখ ফিরিয়ে বলব না যে তুমি এসো না; বরং চাইব আমাদের সঙ্গে আসুক।”
নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে একাধিক বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েছেন বিকাশবাবু। সম্প্রতি এসআইআর (SIR) মামলায় সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ নিয়েও তিনি সরব হয়েছিলেন। তবে এই হামলার ঘটনায় রাজনৈতিক বৈরী সম্পর্ক সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানান এবং সংবিধান ও আইনজীবীদের সুরক্ষায় ঐক্যের আহ্বান জানান। তিনি লেখেন, “রাজনৈতিক ও আদর্শগত মতভেদ থাকলেও শালীনতা এবং সংবিধানের প্রতি মর্যাদা রয়েছে।”
বৃহস্পতিবার ভোরে বিকাশবাবুর বাড়িতে দুষ্কৃতী হামলা চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখ ও মোটরবাইকের নম্বর প্লেট কাপড়ে ঢেকে এক দুষ্কৃতী এসে একের পর এক কাচের মদের বোতল বাড়ি লক্ষ্য করে ছুড়তে থাকে। বোতলের আঘাতে জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায় এবং সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়। সে সময় বাড়িতে থাকা এক গৃহসহায়িকা অল্পের জন্য রক্ষা পান।
