Shamik Bhattacharya: ‘শক্তিশালী বিরোধী দল দরকার’, গণতন্ত্রের স্বার্থে জোরালো সওয়াল শমীক ভট্টাচার্যের
Shamik Bhattacharya on Opposition: শমীক ভট্টাচার্য জানান, গত ৭০-৭৫ বছর ধরে তাঁরা বিরোধিতা করেছেন। কিন্তু তাঁরা তো কোনওভাবেই হারিয়ে যাননি। তাঁর কথায়, এগুলোই মানুষ মনে রাখেন, সবটাই নজরে রাখে মানুষ। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "৭০-৭৫ বছর ধরে বিরোধিতা করেছি। বিরোধী দল তো ছিলাম।"

কলকাতা: রাজ্যে শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। গণতন্ত্রে সাফল্য তখনই আসে যদি সেখানে সংগঠিত দায়িত্বশীল বিরোধী দল থাকে। এবার বিরোধী দলের পক্ষে জোরালো সওয়াল বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya)। শক্তিশালী দায়িত্বশীল বিরোধী চান তিনি। তাঁর কথায়,বিরোধিতা তো দরকার। সরকারের সমালোচনা দরকার। তাই রাজ্যে একটি শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন, যারা গঠনমূলক বিরোধিতা করবে।
কী বলেছেন শমীক ভট্টাচার্য?
শমীক ভট্টাচার্য জানান, গত ৭০-৭৫ বছর ধরে তাঁরা বিরোধিতা করেছেন। কিন্তু তাঁরা তো কোনওভাবেই হারিয়ে যাননি। তাঁর কথায়, এগুলোই মানুষ মনে রাখেন, সবটাই নজরে রাখে মানুষ। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “৭০-৭৫ বছর ধরে বিরোধিতা করেছি। বিরোধী দল তো ছিলাম। আমাদের দল তো উঠে যায়নি। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে আমরা দু’টো আসনও পেয়েছিলাম। …এগুলো তো মানুষ চিন্তা করবে, বাংলার মনন চিন্তা করবে।” শমীক ভট্টাচার্যের এই মন্তব্যকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
কী বলছেন বিরোধীরা?
শমীক ভট্টাচার্যের এই মন্তব্যের প্রসঙ্গে কালীঘাটপন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “এটা তো গণতন্ত্রের মূল কথা। কিন্তু, ওঁরা কি সেটা মানেন? ওঁরা তো বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেন। একটা মিছিল করতে গেলে সেখানে কর্মীদের মারা হচ্ছে। একটা হোর্ডিং লাগালে ছিঁড়ে দেওয়া হচ্ছে। পার্টি অফিসগুলো সব দখল করে নিয়েছে। এগুলো করার পর শক্তিশালী বিরোধী গণতন্ত্র, এই কথা গুলো বলার কোনও মানে হয় কি? যেটা বলছেন, তা যদি বাস্তবায়িত করেন তাহলে তার একটা মানে হয়। কিন্তু ওঁরা কাজে কিছুই করে দেখাচ্ছেন না।”
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ” রাজ্য বিজেপি সভাপতি যে কথা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ কথা। মুশকিল হল বিরোধিতা করলেই রে রে করে উঠছে। শমিকবাবু ইতিপূর্বে সুন্দর সুন্দর অনেক তাত্ত্বিক কথা বলেছেন। কিন্তু, তাঁর দল কতটা তাঁর কথার সামঞ্জস্যতা রেখে কাজ করেছেন যদি দেখা যায়, তাহলে অনেক পার্থক্য লক্ষ্য করা যাবে।”
