
কলকাতা: পরিবর্তন আসন্ন, জয় আসবেই। আত্মবিশ্বাসী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার করে বসলেন আরও বড় দাবি। আগেরবারের ৭৭ থেকে এবারে বেড়ে ১৭৭ হবে বিজেপি। ১৭৭ আসন নিয়ে বুক ফুলিয়ে বিধানসভায় ঢুকবে বিজেপি, হুঙ্কার শুভেন্দুর। সাফ বলছেন, “৩৯ শতাংশ হিন্দু আমাদের ভোট দিয়েছেন। এবার ৪৫ শতাংশ হিন্দু, আদিবাসী বিজেপিকে ভোট দেবে। বিজেপি ৩ থেকে ৭৭ হয়েছে। এবার ৭৭ থেকে ১৭৭ নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে তার অপেক্ষা করুন শুধু।”
তবে শুভেন্দু যাই বলুন খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র তীব্র কটাক্ষের সঙ্গে বলছেন, “ওনার নেতা বলেছিলেন দুশো, সেখানে ৭৭ হয়েছিলেন। এখন উনি ১৭৭ নিচ্ছেন, সেখানে আগের অনুপাতে ৭৭ কমে কত হয়ে দেখে নিন। হিসাব করলে সেটা ৫০ এর নিচেই হয়। আর উনি বুক ফুলিয়ে দর্শক হিসাবে ঢুকবেন কিনা জানি না। বিধানসভায় তো বিধায়কদের সুপারিশে দর্শক হিসাবে যাওয়া যায়। উনি চাইলে তৃণমূল কংগ্রেসের কোনও এক এমএলএ সেই রেকোমেন্ডেশন দিয়ে দেবেন।”
অন্যদিকে এবার আবার বাংলার ভোটে বামেদের হাত ধরছে না কংগ্রেস। আগের বার জোটের ছবি দেখা গেলেও এবার সেই ছবি দেখা যাচ্ছে না। জোট-জল্পনার মধ্যেই ইতিমধ্যেই অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কংগ্রেস। তা নিয়েও কটাক্ষ করতে ছাড়ছেন না শুভেন্দু। কংগ্রেস আর তৃণমূলকে এক ব্র্যাকেটে রেখে তাঁর সাফ কথা, “কংগ্রেসকে মালদহ-মুর্শিদাবাদে মুসলমানরা ভোট দেয়। আর তৃণমূল এখানে সরকার চালাচ্ছে মুসলমানদের ভোটে। আমাদের এগুলো নিয়ে মাথা ব্যাথা নেই। আমরা হিন্দুদের এক করব।”