
কলকাতা: ‘মা দুর্গা আমার জনগণকে রক্ষা করুন।’ শেষবেলায় লিখেছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নতুন ইনিংস শুরু করে নতুন রাজ্যপাল আরএন রবিও নিলেন সেই দুর্গারই নাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, থেকে ঋষি অরবিন্দ, নেতাজি থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম স্মরণ করে লিখলেন, “আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে জ্ঞান ও শক্তি দেন, যাতে আমি এই মহান বাংলার মানুষের সেবা সর্বান্তকরণে ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।”
প্রসঙ্গত, এদিন নবনিযুক্ত রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে একেবারে অন্য মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রথম সাক্ষাতেই রাজ্যপালকে বলেন, “বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে।” শুধু তাই নয়, আলাপ জমান তাঁর স্ত্রী লক্ষ্মী রবির সঙ্গেও। তাঁর পরিচয় পাওয়া মাত্রই এগিয়ে যান মমতা। কথাও বলেন। সূত্রের খবর, কথা হয় বাংলার কৃষ্টি, সংস্কৃতি নিয়ে। পাশে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ হাসি মুখে কথা বলেন রাজ্যের ২২তম রাজ্যপালও। চা চক্রেও মমতাকে নিজে ডেকে নিয়ে যান রাজ্যপালই। শোনা যাচ্ছে মমতার ব্যবহারে খুবই খুশি রাজ্যপাল, তাঁর স্ত্রীও।
“I am immensely blessed and profoundly humbled to have the opportunity to serve the people of West Bengal, a great land that has been the spiritual, intellectual and cultural capital of Bharat for several thousand years. It is the land where the eternal wisdom of the Vedas…
— Lok Bhavan, West Bengal (@BengalGovernor) March 12, 2026
প্রসঙ্গত, কিছুদিন আগেও ছবিটা কিন্তু অনেকটাই আলাদা ছিল। বোসের আচমকা পদত্যাগের পরেই একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর একাধিকবার তোপ দেগেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে। মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে তোপ দাগেন আরএন রবির বিরুদ্ধেও। ‘বিজেপির ক্যাডার’ বলেও তীব্র কটাক্ষ করেন। শেষবেলায় দেখা করতে যান বোসের সঙ্গেও। বোস প্রসঙ্গে বলেছিলেন, “ভোটের আগে আচমকা ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার মনের কথা আমি ওনাকে বলে এসেছি। সঙ্গে এও বলেছি আপনি এতদিন বাংলায় ছিলেন, বাংলাকে ভাল চেনেন, আপনি আবার বাংলায় আসুন।”