Calcutta High Court: হাজরা মোড়ে সংগ্রামী যৌথ মঞ্চের সভা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, কী বলল?
Sangrami Joutha Macha in Calcutta High Court: সংগ্রামী যৌথ মঞ্চ দাবি জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে AICPI অনুযায়ী অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। আবার কিছুদিন আগে নির্বাচনের কাজে নিযুক্ত এক সরকারি কর্মীর উপর হামলার ঘটনাও ঘটেছে ৷ ওই সরকারি কর্মীর উপর হামলার ঘটনা সম্পর্কে নির্বাচন কমিশনকে জানানো হলেও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

কলকাতা: আবেদন খারিজ করেছিল পুলিশ। তবে সংগ্রামী যৌথ মঞ্চকে হাজরা মোড়ে শর্ত মেনে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ এই অনুমতি দিয়েছে। ফলে আগামী ১২ এপ্রিল হাজরা মোড়ে সভা করার ক্ষেত্রে কোনও বাধা রইল না সংগ্রামী যৌথ মঞ্চের। যদিও একাধিক শর্ত মানতে হবে তাদের।
এদিন রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, হাজরা মোড়ে কি কোনও সংগঠনকে সভা করতে দেওয়া হয় না? যদি তাদের কোনও বাধা না থাকে, তাহলে এদের ক্ষেত্রে বাধা কোথায়? ওই এলাকা ১৪৪ ( বিএনএস ১৬৩)-র আওতায়ও নয়। এরপরই একাধিক শর্তে সভা করার অনুমতি দেন বিচারপতি।
কী কী শর্ত মানতে হবে সংগ্রামী যৌথ মঞ্চকে?
হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ১২ এপ্রিল বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সভা করতে পারবে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে কোনও মিছিল করা যাবে না। এক হাজার লোক নিয়ে সভা করা যাবে। কোনওভাবে ট্র্যাফিক ব্যবস্থায় সমস্যা করা যাবে না। শব্দ বিধি মানতে হবে। আদালত মনে করে, এমন সভার ক্ষেত্রে একটা ভারসাম্য রাখা জরুরি। মিছিল-সভা করার অধিকার যেমন হরণ করা যায় না, তেমনি তার জন্য নাগরিকের সমস্যা তৈরি করাও কাম্য নয়।
প্রসঙ্গত, সংগ্রামী যৌথ মঞ্চ দাবি জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে AICPI অনুযায়ী অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। আবার কিছুদিন আগে নির্বাচনের কাজে নিযুক্ত এক সরকারি কর্মীর উপর হামলার ঘটনাও ঘটেছে ৷ ওই সরকারি কর্মীর উপর হামলার ঘটনা সম্পর্কে নির্বাচন কমিশনকে জানানো হলেও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এরকম একাধিক দাবিতে ১২ এপ্রিল হাজরা মোড়ে সভার ঘোষণা করে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সভার অনুমতি দেয়নি পুলিশ। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন শর্তসাপেক্ষে সভার অনুমতি দিল হাইকোর্ট।
