Calcutta High Court: গাইডলাইন তৈরি করতে হবে, বদলের বাংলায় এবার ডিম নিয়ে বড় নির্দেশ রাজ্যকে
Calcutta High Court: মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিচারপতি রাজ্যকে নির্দেশ দেন, "সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। কী পদক্ষেপ নিয়েছেন?" বিচারপতির পর্যবেক্ষণ, এক-দু'জনকে গ্রেফতার করে কী হবে?

কলকাতা: ডিম থেরাপি। জন প্রতিনিধিদের ওপর প্রকাশ্যে ডিম ছোড়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যে ‘ব্যধি’র সূচনা হয়েছিল, তা রীতিমতো সংক্রমণের আকার নেয়। তা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলায় এবার রাজ্যকে গাইডলাইন তৈরি করার নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। হলফনামা দিয়ে রাজ্য জানাবে কত ঘটনা এরকম ঘটেছে, কী পদক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিচারপতি রাজ্যকে নির্দেশ দেন, “সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। কী পদক্ষেপ নিয়েছেন?” বিচারপতির পর্যবেক্ষণ, এক-দু’জনকে গ্রেফতার করে কী হবে?
বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, “সবার সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব।” রাজ্যের অ্যাডিশন্যাল এজি রাজদীপ মজুমদার বলেন, “নিজেদের হাতে কেউ আইন তুলবেন না, এটা আমরা বলেছি। কোনও অভিযোগ না পেলে আমরা কীভাবে পদক্ষেপ নেব?”
কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, “পুলিশ এগুলো নিজেই করছে। পুলিশ মব লিঞ্চিং করছে আর জনগণ কী করবে?” আদালতের কাছে তিনি আর্জি জানান, আজই অন্তর্বতী নির্দেশ দেওয়া হোক। তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন, বিমানবন্দরের মতো সেন্সেটিভ জায়গাতেও এই আক্রমণ হচ্ছে। তিনি বলেন, “মন্ত্রী বলছেন ডিম ছুঁড়তে। সরকার কী পদক্ষেপ করেছে?” এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরই ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে দিয়ে সোনারপুরে নিগৃহীত হতে হয় খোদ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ডিম ছোড়া হয়েছিল তাঁকে লক্ষ্য করে। এরপর জেলা-রাজ্যের একাধিক প্রান্তে জনপ্রতিনিধিরা, তৃণমূল নেতারা এই হামলার শিকার হয়ে চলেছেন।
