Mamata Banerjee: ২২ তারিখ কালীঘাটে পুজো, পার্ক সার্কাসে পৌঁছে মসজিদ-গির্জায়ও যাবেন মমতা
Mamata Banerjee: ২২ তারিখ সোমবার বেলা ৩টের সময় কালীঘাটে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে চলে যাবেন হাজরায়। সেখানে মিছিলে যোগ দেবেন তিনি। হাজরা থেকেই শুরু হবে সংহতি যাত্রা। এরপর গড়চা রোডে হাজরা ল' কলেজের উল্টোদিকে গুরুদ্বারে যাবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হচ্ছে ২২ জানুয়ারি। এদিনই আবার বাংলায় আরেক কর্মসূচির ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ডাকে এদিন ‘সংহতি যাত্রা’ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজপথে হাঁটবেন এদিন। কালীঘাটে পুজো দিয়ে শুরু হবে এদিনের সংহতি-কর্মসূচি।
২২ তারিখ সোমবার বেলা ৩টের সময় কালীঘাটে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে চলে যাবেন হাজরায়। সেখানে মিছিলে যোগ দেবেন তিনি। হাজরা থেকেই শুরু হবে সংহতি যাত্রা। এরপর গড়চা রোডে হাজরা ল’ কলেজের উল্টোদিকে গুরুদ্বারে যাবেন মুখ্যমন্ত্রী।
সেখান থেকে পার্ক সার্কাস। পার্ক সার্কাসে পৌঁছে মসজিদে যাবেন তিনি। সামনেই একটি গীর্জা রয়েছে। সেখানেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পার্ক সার্কাসেই একটি সভা হবে। যে সভামঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন সমস্ত ধর্মগুরুরা। মঞ্চে সেদিন অন্য কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, এই সংহতি যাত্রা নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি ছিল। আদালত নির্দেশ দেয়, শর্তসাপেক্ষে এই সংহতি যাত্রা করা যাবে। আদালত জানায়, সংহতি যাত্রা চলাকালীন ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন বক্তব্য রাখা যাবে না। ট্রাফিকের সমস্যা বা অ্যাম্বুল্যান্স আটকে পড়ার মতো বিষয়গুলোও নজরে রাখতে বলে কোর্ট।
