Suvendu Adhikari cabinet meeting: মমতার ছেড়ে যাওয়া নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, বড় সিদ্ধান্তের সম্ভাবনা
BJP Government First Cabinet Meeting in West Bengal: বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার পরিচালনা করবেন মহাকরণ থেকে। কিন্তু, মহাকরণে সংস্কারের কাজ চলায় আপাতত বিধানসভায় বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বিধানসভায় মুখ্যমন্ত্রীর নাম ফলকও বসেছে। তবে আগামী সপ্তাহেই নবান্নে যাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী।

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নবান্ন থেকে সরকার পরিচালনা করবেন না তিনি। মহাকরণে বসবেন। কিন্তু, যতদিন মহাকরণের সংস্কারের কাজ শেষ না হচ্ছে, ততদিন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার পরিচালনা করবেন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘর থেকে। তবে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে মমতার ছেড়ে যাওয়া নবান্নেই। আগামী শুক্রবার নবান্নে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে ওইদিন প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
বুধ ও বৃহস্পতিবার বিধায়কদের শপথ গ্রহণ-
এদিন ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু। তিনি ছাড়াও শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। তবে কে কোন দফতরের মন্ত্রী হবেন, এদিন তা স্পষ্ট হয়নি। বাকি মন্ত্রীরা পরে শপথ নেবেন। আর নবনির্বাচিত বিধায়করা আগামী বুধবার ও বৃহস্পতিবার শপথ নেবেন। তার আগে মঙ্গলবার রাজ্যপাল আরএন রবি প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায়কে শপথ বাক্য পাঠ করাবেন। পরের ২ দিন তিনি নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। তাপসকে সাহায্য করবেন শঙ্কর ঘোষ ও জগন্নাথ চট্টোপাধ্যায়।
নবান্নে যাবেন শুভেন্দু-
বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, মুখ্যমন্ত্রী সরকার পরিচালনা করবেন মহাকরণ থেকে। কিন্তু, মহাকরণে সংস্কারের কাজ চলায় আপাতত বিধানসভায় বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বিধানসভায় মুখ্যমন্ত্রীর নাম ফলকও বসেছে। তবে আগামী সপ্তাহেই নবান্নে যাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন সভাঘরে প্রথম বড় বৈঠক করবেন শুভেন্দু। সূত্রের খবর, রাজ্যের ডিজিপি, এডিজি (আইনশৃঙ্খলা) থেকে শুরু করে সব জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল ৫টায় এই বৈঠক হবে।
এরপর শুক্রবার নবান্নেই বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের সম্ভাবনা। শুক্রবার নবান্নে যাবেন শুভেন্দু। নবান্নেই বসবে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে এতদিন চালু করেননি সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন, রাজ্যের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারতকে ছাড়পত্র দেওয়া হবে। শুক্রবার সেই নিয়ে শুভেন্দুর মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর। আর একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে প্রথম মন্ত্রিসভার বৈঠকে।
