Priest allowance: রাজ্যে কত পুরোহিত ভাতা পান জানেন?
Priest allowance in Bengal: ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য সরকারের বাজেট বিবৃতিতে যে তথ্য উঠে আসছে তাতে জানা যাচ্ছে বর্তমানে রাজ্যে ২৯,১৮১ জন পুরোহিত এই ভাতা পাচ্ছেন। যদিও এই ভাতা বৃদ্ধির দাবি বারেবারেই উঠেছে। ২০২৪ সালের শেষেও এ নিয়ে দীর্ঘ চাপানউতোর চলে রাজনৈতিক মহলে। সেই সময় ফুরফুরা শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকিও পুরোহিত ভাতার পাশাপাশি মোয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা বাড়ানোর পক্ষে জোরালো সওয়াল করেন।

কলকাতা: দেড় হাজার নয়, কুড়ি হাজার চাই। ভাতা নিয়ে আগেই সরব হয়েছেন বাংলার মোয়াজ্জেম-পুরোহিতরা। তবে নিয়ে রাজনৈতিক মহলেও বারবার উঠেছে ঢেউ। তবে ভাতা বিশেষ বাড়েনি। তবে মোয়াজ্জেমদের পাশাপাশি পুরোহিতদের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে আর্থিকভাবে দুর্বল পুরোহিত ও পূজারিদের আর্থিক সহায়তা দানের উদ্দেশ্যে রাজ্য সরকার মাসে ১,৫০০ টাকা অনুদান দিয়ে চলেছে। সরাসরি ঢুকে যাচ্ছে তাঁদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। কিন্তু বর্তমানে রাজ্যে কতজন পুরোহিত এই সুবিধা পান জানেন?
২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য সরকারের বাজেট বিবৃতিতে যে তথ্য উঠে আসছে তাতে জানা যাচ্ছে বর্তমানে রাজ্যে ২৯,১৮১ জন পুরোহিত এই ভাতা পাচ্ছেন। যদিও এই ভাতা বৃদ্ধির দাবি বারেবারেই উঠেছে। ২০২৪ সালের শেষেও এ নিয়ে দীর্ঘ চাপানউতোর চলে রাজনৈতিক মহলে। সেই সময় ফুরফুরা শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকিও পুরোহিত ভাতার পাশাপাশি মোয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা বাড়ানোর পক্ষে জোরালো সওয়াল করেন। বলেন, “এখানে পুরোহিতরা আছেন, ইমাম, মোয়াজ্জেমরা আছেন। এখানেও ভাতা বাড়ানো উচিত। আমাদের বলার আগেই তো এই ভাতা বাড়ানো উচিত ছিল। এখন এই মূল্যবৃদ্ধির বাজারে কীভাবে চলবে? তাই আমি আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা, ইমাম ভাতা,মোয়াজ্জেম ভাতা বাড়াবেন। আমি দাবি করছি এই ভাতা বাড়ানো হোক।”
যদিও মোয়াজ্জেম ভাতা শুরুর পর থেকেই বাংলার বর্তমান সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধীরা। পুরোহিত ভাতা চালু হলে তা নিয়েও টানাপোড়েন কম হয়নি। সামনেই আবার ভোট। এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। এমতাবস্থায় মোয়াজ্জেম-পুরোহিতদের জন্য নতুন কোনও ঘোষণা আসে কিনা সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
