Shamik Bhattacharya: সরকারি বিজ্ঞাপনে দেবী দুর্গার একটা ‘এক্সট্রা হাত’, তৃণমূল-সিপিএম মাঠে নামতেই শমীক বললেন
BJP on Durga Idol Mistake: কার মাথায় এল এমন ছবির ভাবনা? প্রশ্ন তুলেছে তৃণমূল। অন্যদিকে, সিপিএমের কটাক্ষ, দুর্গাকে একটা অতিরিক্ত হাত দিয়েছে বিজেপি সরকার। এই বিতর্ক নিয়েই মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

২০২৬-এর দুর্গাপূজা নিয়ে সোমবারই পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক রয়েছে মিলন মেলায়। সেখানেই উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে সেই বৈঠকের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে, দুর্গার ১১টি হাত। অতিরিক্ত হাত ও অতিরিক্ত অস্ত্রের ছবির সঙ্গে পুরানের বর্ণনার মিল নেই। সেখানেই বিতর্কের সূত্রপাত।
ছবি পোস্ট করে তীব্র কটাক্ষ করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি লিখেছেন, “একটা চমৎকার সরকারী বিজ্ঞাপন! এখানে মা দুর্গার এগারোটা হাত। দেবতাদের পক্ষ থেকে দুর্গাকে দশ হাতে অস্ত্র দেওয়া হয়েছিল অসুর বধের জন্য। আর বিজেপি সরকারের পক্ষ থেকে ঠাকুরকে একটা এক্সট্রা হাত দেওয়া হয়েছে।” শুধু শতরূপ নন, ওই ছবি পোস্ট করে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা হয়েছে, “মা দুর্গার হাত কবে থেকে ১১টি হল? কার মাথায় এল যে তাঁকে এইভাবে উপস্থাপন করা গ্রহণযোগ্য?”
এই বিষয়ে প্রশ্ন করা হলে শমীক ভট্টাচার্য উত্তরে বলেন, “মা দুর্গা আরও বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। পরে তিনি বলেন, আমি এখনও বিজ্ঞাপনটা দেখিনি। তবে কোন এজেন্সি কী ভুল করেছে, সেটা রাজনীতির বিষয় নয়। সংশোধন করে নেওয়া হবে।”
