Nabanna On Flood Situation: বন্যার ভয় দক্ষিণবঙ্গে, নবান্নের তরফে জারি সতর্কতা, বিশেষ নজর ৪ জেলায়
DVC Water Release: মাইথন-পাঞ্চেত থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়ছে ডিভিসি, পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন। সেই জল ইতিমধ্যই ছাড়তে শুরু করেছে দুর্গাপুর ব্যারাজ। ডিভিসির চেয়ারম্যানকে ফোন করেন মুখ্যসচিব। জল ছাড়ার পরিমাণ কমানোর অনুরোধ—চার জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা: ডিভিসির জলে বন্যার ভয় দক্ষিণবঙ্গে। হুগলির দামোদর-পাড়ের গ্রামে জল ঢোকা শুরু হয়েছে। বিপত্তি এড়াতে নদীর পাড়ে চলছে মাইকে প্রচার। ১ লক্ষ ২০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। বন্যার কমলা সতর্কতা জারি করেছে ডিভিসি। ১ লক্ষ ২৩ হাজার কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারাজ। দুশ্চিন্তা বাড়ছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দামোদর-পাড়ে। মুণ্ডেশ্বরী, রূপনারায়ণ পাড়েও জারি সতর্কতা।
মাইথন-পাঞ্চেত থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়ছে ডিভিসি, পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন। সেই জল ইতিমধ্যই ছাড়তে শুরু করেছে দুর্গাপুর ব্যারাজ। ডিভিসির চেয়ারম্যানকে ফোন করেন মুখ্যসচিব। জল ছাড়ার পরিমাণ কমানোর অনুরোধ—চার জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত কথা মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের।কেন একসঙ্গে এত পরিমাণ জল ছাড়া হচ্ছে, ডিভিসির চেয়ারম্যানের কাছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চান মুখ্যসচিব। বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে জলাধারগুলিতে জল বেড়েছে, সেই কারণেই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে বলে খবর।
পরিস্থিতি বিবেচনা করে জল ছাড়ার পরিমাণ যতটা সম্ভব কমানোর জন্য ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ মুখ্যসচিবের। ডিভিসির জল ছাড়ার জেরে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া—এই চার জেলার জেলাশাসককে সতর্ক করল নবান্ন।
আজ বিকেলের পর থেকে দামোদরের নিম্ন অববাহিকার নিচু এলাকাগুলিতে জলস্তর বাড়তে পারে, সেই কারণে আগাম প্রস্তুতি রাখার নির্দেশ জেলা প্রশাসনকে। দামোদরের নিম্ন অববাহিকার নিচু এলাকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী নিরাপদ জায়গায় সরানোর ব্যবস্থা রাখতে চার জেলার জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের।
এসডিআরএফ-সহ বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখতে বলা হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা যায়। একইসঙ্গে সেচ দফতরের আধিকারিকদের নদীর জলস্তরের উপর প্রতিনিয়ত নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
জলস্তর বৃদ্ধি পেলে কয়েকটি নিচু এলাকায় জল ঢোকার পরিস্থিতি তৈরি হতে পারে, তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ এবং চার জেলার পরিস্থিতি নিয়ে আজ নবান্নে বিশেষ পর্যালোচনা বৈঠকের সম্ভাবনা।
