AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttam Kumar: ২০ ফুটের কাটআউট, ট্রিবিউট ওয়াক থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন! ‘উত্তম’ স্মরণে চার দিনের মেগা উদযাপন

Mahanayak Uttam Kumar: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ৩ থেকে ৬ সেপ্টেম্বর শহরজুড়ে মেগা উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকার ও টলিউড ইন্ডাস্ট্রি। আজ আহিরীটোলায় শ্রদ্ধার্ঘ্য ও বিজলী সিনেমার সামনে ২০ ফুটের কাটআউট উন্মোচনের পর সন্ধ্যায় নন্দন থেকে আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য ‘ট্রিবিউট ওয়াক’।

Uttam Kumar: ২০ ফুটের কাটআউট, ট্রিবিউট ওয়াক থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন! 'উত্তম' স্মরণে চার দিনের মেগা উদযাপন
কী কী কর্মসূচি রয়েছে?Image Credit: tv9 network
| Updated on: Sep 03, 2026 | 12:06 PM
Share

উত্তম কুমারের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে শহরজুড়ে মহা আয়োজন। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পালিত হচ্ছে বিশেষ শ্রদ্ধানুষ্ঠান। সম্প্রতি ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উত্তম কুমারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি মনে করিয়ে দেন, অভিনয়ের শুরুতে ব্যর্থতার মুখ দেখলেও কখনও হার মানেননি মহানায়ক। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির স্ক্রিপ্টও উত্তম কুমারকে ভেবেই তৈরি হয়েছিল। মোদীর কথায়, “উত্তম কুমার চিরকাল মানুষের মনে রাজত্ব করবেন।”

কী কী কর্মসূচি রয়েছে?

৩ সেপ্টেম্বর সকাল থেকেই শহরের বুকে শুরু হয়েছে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। মহানায়কের আহিরীটোলার মূর্তিতে সকাল ৮টায় মাল্যদানের মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর সকাল ৯টায় টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে এবং সকাল ১০টায় বিজলী সিনেমার সামনে মহানায়কের বিশ ফুটের একটি বিশাল কাটআউট উন্মোচিত হল। তবে সন্ধ্যার আসল চমক এক আবেগঘন পদযাত্রা। সন্ধ্যা ৬টায় নন্দন চত্বর থেকে এসএসকেএম, অ্যাকাডেমি, সেন্ট পলস ক্যাথিড্রাল, বিড়লা তারামণ্ডল হয়ে গগনেন্দ্র প্রদর্শনশালা পর্যন্ত আয়োজিত হয়েছে ‘ট্রিবিউট ওয়াক’। এই মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি পা মেলাবেন উত্তম কুমারের পরিবারের সদস্যরা এবং টলিউডের একঝাঁক তারকা। এরপর সন্ধ্যায় একতারা মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বালন, কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ও সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে।

আগামীকাল, অর্থাৎ ৪ সেপ্টেম্বর রাজারহাটের নিউ টাউনে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজো অনুষ্ঠিত হবে। বছরভর সিনেমার অগ্রগতি ও শিল্পচর্চাকে এগিয়ে নিয়ে যাওয়াই এর লক্ষ্য। নন্দনে শুরু হচ্ছে মহানায়কের ছবির ফিল্ম ফেস্টিভ্যাল, যার উদ্বোধনী ছবি ‘নায়ক’। একই সঙ্গে রবীন্দ্র সদনে বিশেষ ডাকটিকিট উন্মোচন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী-সহ বহু বিশিষ্টজনকে সংবর্ধনা এবং তরুণ মজুমদার ও স্বপ্ন দাসের তথ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থাও রয়েছে।

৫ সেপ্টেম্বর শিশির মঞ্চে ‘নায়িকাদের চোখে উত্তম কুমার’ ও ‘অ্যাক্টিং অফ উত্তম কুমার’ শীর্ষক দুটি সেমিনারের আয়োজন করা হয়েছে। শেষ দিন, অর্থাৎ ৬ সেপ্টেম্বর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হবে বিশেষ মিউজিক্যাল শ্রদ্ধার্ঘ্য। সব মিলিয়ে চার দিন ধরে নন্দন, রাধা স্টুডিও এবং শহরের রাজপথ গমগম করবে মহানায়কের স্মৃতিতে।

Follow Us