Abhishek Banerjee: এই অ্যাকাউন্টের ৪২০ কোটি টাকা তোলার ক্ষমতা আছে অভিষেকের
Abhishek Banerjee ED Probe: একটি অ্যাকাউন্টে এত টাকা কেন? এই প্রশ্নের উত্তর খতিয়ে দেখতে চাইছে ইডি। সেজন্য এই অ্যাকাউন্টের সব তথ্য ব্যাঙ্কের কাছ থেকে তলব করা হয়েছে ইডির তরফে। তদন্তের প্রয়োজনে অভিষেককে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। AITC- র বাকি দুটি অ্যাকাউন্টে সাইনিং অথরিটি রয়েছেন শুভাশিস চক্রবর্তী ও জ্যোতিপ্রিয় মল্লিক। তবে ইডির নজরে ওই একটি অ্যাকাউন্ট-ই।

কলকাতা: কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাইকোর্টের ধাক্কা খাওয়ার দিনই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও চাপে পড়লেন ‘কালীঘাট তৃণমূলের’ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ফ্রিজ করা তিনটি অ্যাকাউন্টের একটিতেই ৪২০ কোটি টাকার হদিস পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। আর ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়েই ইডি জানতে পেরেছে, ওই অ্যাকাউন্টে চেক সই করার ক্ষমতা (সাইনিং অথরিটি) রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। AITC-র নামে একটি বেসরকারি ব্যাঙ্কে রয়েছে ওই অ্যাকাউন্ট। সেখানে অভিষেকের সঙ্গে যৌথভাবে চেক সইয়ের ক্ষমতা রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়নের।
তদন্ত শুরু করে ইডি এখনও পর্যন্ত তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। যাতে ৪৪০ কোটি টাকা রয়েছে। এই ৪৪০ কোটির মধ্যে একটি অ্যাকাউন্টেই সবথেকে বেশি ৪২০ কোটি টাকা রয়েছে। বাকি দুটি AITC গোয়া ও ত্রিপুরার নামে। সেখানে রয়েছে ২০ কোটি।
একটি অ্যাকাউন্টে এত টাকা কেন? এই প্রশ্নের উত্তর খতিয়ে দেখতে চাইছে ইডি। সেজন্য এই অ্যাকাউন্টের সব তথ্য ব্যাঙ্কের কাছ থেকে তলব করা হয়েছে ইডির তরফে। তদন্তের প্রয়োজনে অভিষেককে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। AITC- র বাকি দুটি অ্যাকাউন্টে সাইনিং অথরিটি রয়েছেন শুভাশিস চক্রবর্তী ও জ্যোতিপ্রিয় মল্লিক। তবে ইডির নজরে ওই একটি অ্যাকাউন্ট-ই।
প্রসঙ্গত, এই তিনটি অ্যাকাউন্ট ছাড়াও তৃণমূল কংগ্রেসের (AITC) আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। রাজ্য পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন করা হয়েছিল সংশ্লিষ্ট বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। পুলিশের আবেদন মেনে ওই ১২টি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল। ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০ কোটি টাকার বেশি রয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রে খবর।
কী বলছে বিজেপি?
তৃণমূলের অ্যাকাউন্টে সাইনিং অথরিটি নিয়ে অভিষেককে কটাক্ষ করে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “দেবরাজের (দেবরাজ চক্রবর্তী) ঘরে যদি ১৩০০ কোটি টাকা থাকে, তাহলে যুবরাজের ঘরে কখনও ৪০০ কোটি টাকা হবে? এরা হাজার হাজার কোটি টাকা করেছে। আপনারা যেটা দেখছেন, সেটা হিমশৈলের চূড়ামাত্র। এছাড়া আর কিছু নয়। এটা দেখতে দেখতে আমাদের একটা জিনিস হচ্ছে, মনটা শক্ত হচ্ছে। একসঙ্গে ১০০০-২০০০ কোটি টাকা বেরিয়ে পড়লে বাংলার অর্ধেক মানুষ হার্টফেল করে মারা যাবে। শিল্পপতিরা যদি দেখে, ১৫ বছরে একটা ছেলে ৫০০০-১০০০০ কোটি টাকা করেছে, তাহলে তারা ভাববে, সারাজীবন কেন কষ্ট করলাম, তৃণমূল করলেই হত। তৃণমূল মানেই চোর। আর চোরেদের যুবরাজ অভিষেক।”
