Election Commissioner on TMC: ‘…প্রমাণ করতে পারবেন? প্রমাণ হলে পদত্যাগ করব’, তৃণমূলকে চ্যালেঞ্জ CEO-র
Manoj Agarwal: মঙ্গলবারই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে চিঠি পাঠায় তৃণমূল। সিইও-র বিরুদ্ধে অভিযোগ, হিন্দু অধ্যুষিত এলাকায় ঘুরেছেন সিইও, ভোটারদের থেকে মতামত জানতে চেয়েছেন। সিইওকে শোকজের দাবি করে রাজ্যের শাসকদল। এত সবের পর অবশেষে মুখ খুললেন মনোজ।

কলকাতা: শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে তিনদিনের সফরে গিয়েছিলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। সিইও-র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয় রাজ্যের শাসকদল। তাদের দাবি, নন্দীগ্রামে গিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতার সঙ্গে ঘুরেছেন মনোজ আগরওয়াল। এবার শাসকদলের সেই অভিযোগেরই উত্তর দিলেন খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক। শুধু উত্তর বলা ভুল, কার্যত চ্যালেঞ্জও ছুড়লেন তিনি।
বুধবার মনোজ আগরওয়াল বলেন, “জেলাশাসক আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় পরিদর্শনে নিয়ে যান। সেখানে এক হাজার লোক ছিলেন। তার মধ্যে কে আছে কী করে বলব? প্রমাণ করতে পারবেন তাঁর সঙ্গে যোগ রয়েছে কমিশনের। প্রমাণ হলে পদত্যাগ করব।”
শুভেন্দু ঘনিষ্ঠের সঙ্গে মনোজ আগরওয়াল কী করছেন, এই অভিযোগ প্রথম সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রচার মঞ্চ থেকে তিনি বলেছিলেন, “শুনলাম সিইও নন্দীগ্রামে গিয়েছিলেন। বিজেপির লোকেরা সঙ্গে করে নিয়ে গিয়েছেন।” এরপর মনোজের সঙ্গে ওই বিজেপি নেতার ছবি দিয়ে টুইটও করা হয় তৃণমূলের সোশ্যাল হ্যান্ডেল থেকে। তাদের পোস্ট করা ছবিতে দেখা যায়, নন্দীগ্রাম সফরের সময় মনোজকুমার আগরওয়ালের সঙ্গে দাঁড়িয়ে এলাকার শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা তপনকুমার মহাপাত্র।
.@BJP4India can fly in top-brass leaders from every corner of the country, but their REAL STAR CAMPAIGNERS in this election are CEC Gyanesh Kumar and CEO-WB Manoj Kumar Agarwal.@ECISVEEP has now dropped even the last pretence of neutrality and impartiality. A known BJP leader… pic.twitter.com/melsYdcA22
— All India Trinamool Congress (@AITCofficial) April 7, 2026
সুপ্রিমোর অভিযোগের পর সাংবাদিক বৈঠকে বসেন চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ। চন্দ্রিমা বলেন, “তপন মহাপাত্রের সঙ্গে ছিলেন সিইও। ওই নেতাকে বিরোধী দলনেতার ঘনিষ্ঠ বলে সবাই জানেন, তাঁর সঙ্গেই বেড়ালেন নন্দীগ্রামে।”
মঙ্গলবারই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে চিঠি পাঠায় তৃণমূল। সিইও-র বিরুদ্ধে অভিযোগ, হিন্দু অধ্যুষিত এলাকায় ঘুরেছেন সিইও, ভোটারদের থেকে মতামত জানতে চেয়েছেন। সিইওকে শোকজের দাবি করে রাজ্যের শাসকদল। এত সবের পর অবশেষে মুখ খুললেন মনোজ।
