AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR-এ আপনার নাম আছে কি না জেনে নিন এভাবে

SIR : অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই দেখতে পাবেন ভোটার তালিকা। অনলাইনে দুই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। দু'টি ওয়েবসাইট হল voters.eci.gov.in ও electoralsearch.eci.gov.in। এপিক নম্বর ও ইলেক্টোরাল রোল ডাউনলোড করে আপনার নাম দেখতে পারবেন।

SIR-এ আপনার নাম আছে কি না জেনে নিন এভাবে
SIR-এর চূড়ান্ত তালিকাImage Credit: Tv9 Bangla
| Updated on: Feb 27, 2026 | 5:12 PM
Share

কলকাতা : ২৮ ফেব্রুয়ারি রাজ্যে SIR-এর তালিকা প্রকাশ। কমিশন সূত্রে খবর চূড়ান্ত তালিকায় নাম থাকতে পারে প্রায় ৭কোটি ৮ লাখের। এদিকে, চূড়ান্ত তালিকাকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছে মানুষের মধ্যে। নাম তালিকায় থাকবে কি না, নাম না থাকলেই বা কী করবেন…রাজ্যবাসীর মনে আশঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছে টিভি৯ বাংলা। তালিকায় নাম কীভাবে খুঁজবেন, নাম না থাকলে কী করবেন, জেনে নিন বিস্তারিত।

অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই দেখতে পাবেন ভোটার তালিকা। অনলাইনে দুই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। দু’টি ওয়েবসাইট হল voters.eci.gov.in ও electoralsearch.eci.gov.in। এপিক নম্বর ও ইলেক্টোরাল রোল ডাউনলোড করে আপনার নাম দেখতে পারবেন।

অনলাইন কীভাবে দেখবেন ?

electoralsearch.eci.gov.in-এ গিয়ে এপিক নম্বর দিয়ে সার্চ করতে হবে।

এপিক নম্বর না থাকলে কী করবেন?

  • ফোন নম্বর দিয়েও সার্চ করতে পারেন।
  • মা-বাবার নাম দিয়েও সার্চ করতে পারবেন।
  • এছাড়া voters.eci.gov.in-এ গিয়ে ইলেক্টোরাল রোল ডাউনলোড করতে হবে। নিজের পোলিং বুথে নাম খুঁজতে পারেন।

অফলাইন

চূড়ান্ত তালিকায় নাম রয়েছে কি না, তা অফলাইনেও জানতে পারবেন। তার জন্য কমিশন নির্ধারিত সরকারি অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনে যেতে হবে।

কিন্তু চূড়ান্ত তালিকায় নাম না থাকলে কী করবেন? কীভাবে নিজের নাম তুলবেন?

এসআইআর তালিকায় নাম না থাকলে ১৫দিনের মধ্যে ডিইও-র কাছে আবেদন করতে পারবেন। সমাধান না হলে ceo-র কাছে যেতে হবে। সেখানেও যদি আবেদন গৃহীত না হয়, তাহলে ফর্ম ৬ ডাইনলোড করে নতুন করে ভোটার হিসেবে নাম তুলতে পারবেন। মনোনয়ন জমার শেষ দিনের ১০ দিন আগে ফর্ম ৬ জমা দিতে হবে।

এসআইআর তালিকা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন,”ওরা যদি কাউকে না জানিয়ে শুধু বিজেপির কথা শুনে বৈধ ভোটারদের বাদ দিয়ে দেয় তাদের তো ভোট দিতে হবে। আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টার উপর নজর রাখছেন, বিশ্লেষণ করছেন, আইনি বিষয় খতিয়ে দেখছেন। বিজেপি চাইছে কমিশনকে দিয়ে আগে কিছু বৈধ ভোটারের নাম কেটে উড়িয়ে দিতে।”

বিজেপি সাংসদ সুকান্ত মজুমাদর বলেন,”কত নাম বাদ পড়বে জানি না। সেটা নির্বাচন কমিশন বলবে। আমরা চাইব কোনও বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। সূচি বেরলে অনেকে গন্ডগোল তৈরির চেষ্টা করবে। প্রশাসনকে ও নির্বাচন কমিশনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।”

প্রসঙ্গত, কমিশন সূত্রে খবর, তিনটি ভাগে তালিকা প্রকাশ করা হবে। অ্যাপ্রুভড বা অনুমোদনপ্রাপ্ত ভোটার, অমীমাংসিত ভোটার ও বাতিল হওয়া ভোটার।এর মধ্যে অমীমাংসিত ভোটারদের নিয়েই বাড়ছে সংশয়, তৈরি হয়েছে জটিলতা। রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার অমীমাংসিত ভোটার রয়েছে। কমিশনের আশ্বাস আপাতত অমীমাংসিত ভোটাররা ভোট দিতে পারবেন। তারপর দফায় দফায় সাপ্লিমেন্টারি তালিকা বের করবে কমিশন।