Kalboishakhi: ৭২ কিমি বেগে কালবৈশাখী, লণ্ডভণ্ড কলকাতা, গাছ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা
Kolkata Weather: বজবজ ট্রাঙ্ক রোডের জিনজিরা বাজারের কাছে হোর্ডিং-এর গেট ভেঙে বিপত্তি তৈরি হয়। রাস্তার একটা লেন বন্ধ করে দেওয়া হয়। কোথাও বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে গাছ। শিলাবৃষ্টির সাক্ষী থাকেন কলকাতার একাংশের মানুষ।

কলকাতা: মরশুমের প্রথম কালবৈশাখীতেই লণ্ডভণ্ড কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। গত কয়েকদিন ধরে বৃষ্টির স্পেল চলছিল রাজ্যে। আর সোমবার সন্ধ্যা নামতে ঝমঝমিয়ে বৃষ্টি নামে শহরে। এরপর শুরু হয় ঝড়। কলকাতা, মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় রীতিমতো তাণ্ডব চলে ঝড়ের। কলকাতায় ৭২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় হয়।
সোমবার রাতে হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে লাল সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে বলে জানানো হয়েছিল পূর্বাভাসে। উত্তর ২৪ পরগনায় জারি করা হয় কমলা সতর্কতা। এরপরই শুরু হয় বিপর্যয়।
বজবজ ট্রাঙ্ক রোডের জিনজিরা বাজারের কাছে হোর্ডিং-এর গেট ভেঙে বিপত্তি তৈরি হয়। রাস্তার একটা লেন বন্ধ করে দেওয়া হয়। কোথাও বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে গাছ। শিলাবৃষ্টির সাক্ষী থাকেন কলকাতার একাংশের মানুষ।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিভিন্ন এলাকার রাস্তার উপরে ভেঙে পড়ে গাছপালা। যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। দাসপুরে দুর্ঘটনায় আহত হন তিনজন। আজুরিয়া–সোনাখালি রোডের হরিদাস অসুদতলা এলাকায় ঘটনাটি ঘটে। একটি মোটরসাইকেলে তিনজন আরোহী যাচ্ছিলেন। সেই সময় ঝড়বৃষ্টির জেরে একটি গাছ ভেঙে পড়ে বাইকের উপর। বাইক আরোহী ও পিছনে বসা দুই যাত্রী গুরুতরভাবে আহত হন।
রবিবার সন্ধ্যাতেও বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ একাধিক জেলায় বৃষ্টি হয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে ঢুকেছে বজ্রগর্ভ মেঘ। তার জেরেই এই বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
