Madan mitra kamarhati mla: কংগ্রেসের সঙ্গে মমতার জোট জল্পনার মধ্যেই ইংরেজিতে এবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মদন
কামারহাটির তৃণমূল বিধায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'Uninstall your past' অর্থাৎ নিজের অতীতকে আনইনস্টল করো। আর 'Update your Future' অর্থাৎ ভবিষ্যতকে আপডেট করো। তবে এখানে প্রশ্ন এই পোস্টটি কেন করেছেন মদন? কার উদ্দেশেই বা এই বার্তা?

কলকাতা: আপাতত নতুনরা কেউ নেই বললেই চলে। এক সময় যাঁরা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ঘুরঘুর করতেন, ‘দিদি’-‘দিদি’ এক ঢোক জল বেশি খেতেন তাঁদের অনেকেই এখন ব্যস্ত তৃণমূলের ‘টিম বি’ তৈরিতে। তবে, মমতার সঙ্গে এখনও রয়ে গিয়েছেন পুরনো নেতারা। আর সেই নেতাদের মধ্যেই অন্যতম হলেন মদন মিত্র (Madan Mitra)। কিন্তু এবার তাঁরও ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে বাড়ছে জল্পনা।
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সনিয়া গান্ধী সাক্ষাতের পর থেকেই জল্পনা ছড়ায়, তবে কি এবার তৃণমূল কংগ্রেস মিশে যাবে কংগ্রেসে? এক সময়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি যোগ দেবেন কংগ্রেসে? তাহলে তাঁর দলের বাকিরা কী করবেন? এই সব নানাবিধ জল্পনা চলতে থাকে দিনভর। পরে প্রাথমিকভাবে জানা যায়, বাংলায় কংগ্রেস ও তৃণমূল একজোট হয়ে লড়াই করতে চলছে আগামীতে। এমনতাবস্থায়, হঠাৎই নিজের সোশ্যাল মিডিয়ায় তাৎপর্যপূর্ণ পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা সর্বকালের ‘সৈনিক’ মদন মিত্র।
কামারহাটির তৃণমূল বিধায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘Uninstall your past’ অর্থাৎ নিজের অতীতকে আনইনস্টল করো। আর ‘Update your Future’ অর্থাৎ ভবিষ্যতকে আপডেট করো। তবে এখানে প্রশ্ন এই পোস্টটি কেন করেছেন মদন? কার উদ্দেশেই বা এই বার্তা? কারণ, পোস্টটিতে এর থেকে বেশি কিছু লেখা নেই। তৃণমূলের কঠিন লড়াইয়ে যে সময় মমতার হাত সকলে ছেড়েছেন সেই সময়ও পাশে রয়ে গিয়েছেন মদন মিত্র, কুণাল ঘোষ, শোভন দেবের মতো নেতারা। এমনকী, ফিরহাদ হাকিম পর্যন্ত ‘বিদ্রোহী’ শিবিরে নাম লেখাতে পারেন বলে খবর সূত্রের। তবে কি কংগ্রেসের সঙ্গে মমতার এই জোট ভাল চোখে দেখছেন না মদন? নতুন কিছু চিন্তা ভাবনা করছেন? এর উত্তর যদিও মেলেনি।
