Madan Mitra: ‘মমতা আল্টিমেট নেত্রী’ বলার ১২ ঘণ্টার মধ্যেই ‘পাল্টি’ মদন মিত্রের!
Madan Mitra on Mamata Banerjee: শুক্রবার দুপুরে মদন মিত্র বলেছিলেন, "প্রতীক যেই পাক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস হল সমার্থক। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আল্টিমেট তৃণমূল।" শুক্রবার রাতেই একটি ভিডিয়োতে অন্য কথা বলেন মদন মিত্র।

কলকাতা: কখনও বলছেন রাজনৈতিক সন্ন্যাস নেবেন, কখনও করছে মমতার স্তূতি। বিগত ২৪ ঘণ্টার মধ্যে একবার নয়, একাধিকবার শিরোনামে এসেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। ভোটে বিজেপির জয়ের পর বেশ কিছুদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আশপাশে দেখা গেলেও পরে তিনি ঋত-তৃণমূলে যোগ দেন। শুক্রবার দুপুরে সেই মদন মিত্র বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আল্টিমেট নেত্রী।” আর এ কথা বলার ১২ ঘণ্টার মধ্যেই উল্টো কথা শোনা গেল মদনের মুখে।
শুক্রবার দুপুরে মদন মিত্র বলেছিলেন, “প্রতীক যেই পাক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস হল সমার্থক। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আল্টিমেট তৃণমূল।” শুক্রবার রাতেই একটি ভিডিয়োতে মদন মিত্র বলেন, “আপনাদের নেত্রী, একদিন আমার নেত্রী ছিলেন। এই জায়গাটা ভালো করে স্পষ্ট করে নিন। যেমন, একদিন অটল বিহারী ছিলেন। পাস্ট টেন্স।” এখানেই শেষ নয়। মদন মিত্র বলেন, “শুভেন্দু অধিকারী এই মর্যাদা আদায় করে নিয়েছেন। তাঁকে ফ্লোর টেস্ট দিতে হবে বলে আমি মনে করি না। যদি দিতে হয়, তাহলে, আপনি বলেছেন ২৭৫ জন আছেন… দেখা যাবে ২৯০ হয়ে গিয়েছে।” শুভেন্দু অধিকারী আগামী ২০ বছর মুখ্যমন্ত্রী থাকবেন বলে মনে করেন তিনি।
সকালে একরকম, রাতে একরকম কথা বলছেন মদন মিত্র! এই প্রসঙ্গে মমতা-তৃণমূলের দাবি, সবটাই পুলিশ বা ইডি-র নোটিস পাওয়ার উপর নির্ভর করে। মমতা তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “পুলিশের নোটিস পেলে একরকম কথা বলবেন, ইডি-র নোটিস পেলে একরকম কথা বলবেন। এসব কথার কোনও মানে হয় না।” অন্যদিকে, বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “কী বলেছেন, তার কোনও গুরুত্ব নেই। কখন বলেছেন, সেটা গুরুত্বপূর্ণ।”
