Kalyan and Mamta-Abhishek: মমতা-অভিষেকের সঙ্গে তুমুল তরজা কল্যাণের, কেন?
Kolkata News: সম্প্রতি একাধিক মামলায় জড়িয়ে রয়েছে তৃণমূল। যার জেরে কার্যত ভাঙন ধরে দলের অন্দরে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মামলা নিয়ে মতবিরোধের পর ফের একবার দলের অন্য বিভিন্ন মামলায় আইনজীবী নিয়োগ ঘিরে নেতৃত্বের সঙ্গে কল্যাণের মতানৈক্যও তাৎপর্যপূর্ণ।

কলকাতা: আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) উপর কি আস্থা রাখতে পারছে না তৃণমূল (TMC) নেতৃত্ব? এই নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বের সঙ্গে কল্যাণের দ্বন্দ্ব যেন থামছেই না। বিভিন্ন মামলায় কল্যাণের বদলে অন্য আইনজীবী (Advocate) নিয়োগ করতে চাইছে তৃণমূল। আর তা নিয়েই ঘোরতর আপত্তি জানান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ (TMC MP)।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কল্য়াণ। প্রাক্তন শাসকদল তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন। সিঙ্গুর-নন্দীগ্রাম হোক কিংবা রিজওয়ানুর রহমানের কেস। কিংবা এসআইআর বা নিয়োগ দুর্নীতি সেই সব মামলার আইনজীবী ছিলেন তিনি। সেই কল্যাণই সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়েরও আর মামলা লড়বেন না বলে জানিয়েছিলেন। পিছনে ছিল অভিষেকের উপর ক্ষোভ। পরে যদিও সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যেই দু’জনের আবার ‘ভাব’ হয়ে যায়। অভিষেককে পুত্রসম বলেও সবটা মিটিয়ে নেন তিনি।
কিন্তু এবার জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর খানিক বিরক্ত কল্যাণ। সূত্রের খবর, মমতা-অভিষেকের উপস্থিতিতে চলা বৈঠকের মাঝেই অন্য আইনজীবী নিয়োগ নিয়ে আপত্তি জানান তিনি। বেশ কিছু মামলায় কল্যাণের বদলে মানেকা গুরুস্বামী সহ অন্য আইনজীবী নিয়োগের চিন্তা ভাবনা করছে তৃণমূল নেতৃত্ব। এই মানেকা কিন্তু শুধুই আইনজীবী নন। পাশাপাশি তিনি হলেন রাজ্যসভার তৃণমূল মনোনীত সাংসদ। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলায় ইডি-র বিরুদ্ধে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছিলেন তিনি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বাধা দানের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় মমতার হয়ে লড়েছিলেন মেনকা। পরবর্তীতে তাঁকে রাজ্যসভার সাংসদ করে তৃণমূল। এখন সেই মেনকার উপর আরও ভরসা বাড়তে চাইছে রাজ্যের প্রাক্তন শাসকদল। আর তা মানতে নারাজ কল্যাণ। সূত্রের দাবি, এনিয়ে চলা বৈঠকের মাঝেই ক্ষোভ উগরে দেন দলের আইনজীবী সাংসদ।
সম্প্রতি একাধিক মামলায় জড়িয়ে রয়েছে তৃণমূল। যার জেরে কার্যত ভাঙন ধরে দলের অন্দরে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মামলা নিয়ে মতবিরোধের পর ফের একবার দলের অন্য বিভিন্ন মামলায় আইনজীবী নিয়োগ ঘিরে নেতৃত্বের সঙ্গে কল্যাণের মতানৈক্যও তাৎপর্যপূর্ণ।
