Mamata Banerjee: এখনও ‘মুখ্যমন্ত্রী’ মমতা! ছাড়বেন না চেয়ার?
West Bengal Election: আগামী ৯ মে, ব্রিগেডে শপথ গ্রহণ করবেন বাংলা নতুন মুখ্যমন্ত্রী। তার একদি আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্য়পাল। অর্থাৎ আজ, শুক্রবার বাংলায় কোনও মুখ্যমন্ত্রী নেই। তবে উল্লেখযোগ্য বিষয় হল, মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ১৫ বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নের ১৪ তলা থেকে রাজ্যের শাসন চালানো এখনও অতীত। তবু হার মানতে নারাজ মমতা। ১৯৮৪ থেকে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করা মমতা হেরে গিয়েছিলেন ২০২১-এও। তবু উপ নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন সহজেই। তবে ২৬-এর হারের পর মমতা আদতেই ‘প্রাক্তন’। সে কথা কি আদৌ মানছেন তিনি?
নিজের নামে পাশে কোনওমতেই ‘প্রাক্তন’ শব্দটা লিখতে চাইছেন না মমতা? তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তো সে কথাই বলছে। সরকারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার রাজ্যপাল আরএন রবি মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পুরনো মন্ত্রীরা আর কেউই মন্ত্রী নেই, মমতাও আর মুখ্যমন্ত্রী নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মমতার নামের পাশে এখনও লেখা, ‘মুখ্যমন্ত্রী’ (Honourable Chief Minister)।
ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স- সব সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেই মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্তও তা বদলানো হয়নি। উল্লেখ্য, আগামী ৯ মে, ব্রিগেডে শপথ গ্রহণ করবেন বাংলা নতুন মুখ্যমন্ত্রী। তার একদি আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্য়পাল। অর্থাৎ আজ, শুক্রবার বাংলায় কোনও মুখ্যমন্ত্রী নেই।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি হারেননি, তাঁকে হারানো হয়েছে, তাই তিনি ইস্তফা দেবেন না। সাধারণত কোনও দল হেরে গেলে মুখ্যমন্ত্রী ফল প্রকাশের দিনই রাজভবনে গিয়ে ইস্তফা দিয়ে আসেন। মমতার ক্ষেত্রে তা হয়নি। তবে এই বিষয়ে কোনও সাংবিধানিক নিয়ম নেই।
