Md Salim: আলিয়া বিশ্ববিদ্যালয়ের মঞ্চে সবে বক্তব্য রাখতে উঠেছেন সেলিম, অমনি একদল ছাত্র যা করলেন…
CPM: মূলত,'সামাজিক সাম্য এবং সংখ্যালঘুদের অধিকার বিষয়ক গণতান্ত্রিক আলোচনা' নিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক-সার্কাস ক্যাম্পাসে ছিল বুধবারের অনুষ্ঠান। সেখানেই বক্তব্য রাখতে এসেছিলেন সিপিএম নেতা। ছিলেন নওশাদ সিদ্দিকিও। কিন্তু মাঝপথেই যত গণ্ডগোল।

কলকাতা: সিপিএম-এর (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কি বিরক্ত? কারণ, আলিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর সঙ্গে যে ঘটনা ঘটল তাতে অন্তত তেমনটাই প্রকাশ পেল। আলিয়া বিশ্ববিদ্যালয়ে বুধবার একটি ক্যাম্পাসে একটি অনুষ্ঠান ছিল। সেখানে তিনি বক্তব্য রাখতে উঠেছিলেন। কিন্তু তখনই একদল ছাত্র বেরিয়ে যান। যাতে কার্যত বিরক্ত বোধ করেন তিনি। প্রশ্নোত্তর পর্বের আগেই আলিয়া ছাড়েন সেলিম।
মূলত,’সামাজিক সাম্য এবং সংখ্যালঘুদের অধিকার বিষয়ক গণতান্ত্রিক আলোচনা’ নিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক-সার্কাস ক্যাম্পাসে ছিল বুধবারের অনুষ্ঠান। সেখানেই বক্তব্য রাখতে এসেছিলেন সিপিএম নেতা। ছিলেন নওশাদ সিদ্দিকিও। কিন্তু মাঝপথেই যত গণ্ডগোল। মঞ্চে যে সময় সেলিম ওঠেন তখন থেকেই কার্যত সেলিমের বক্তব্য বয়কট করে উঠে বেরিয়ে যান একদল পড়ুয়া। এরপর স্টেজে উঠেই তাঁর প্রথম মন্তব্য, “পরে এলে ভাল হত।” এরপর বাইরে বেরিয়ে সিপিএম নেতা বলেন, আগে তৃণমূল ছাড়া কাউকে বলতে দিত না এখন শক্তি কমেছে।
ঠিক কী বলেছেন মহম্মদ সেলিম?
সিপিএম নেতা বলেন, “ওদের একটু শক্তি কমেছে। আগে যতবারই কেউ আসার চেষ্টা করেছে বলেছে তৃণমূল ছাড়া কেউ আসবে না। এখন অন্তত আমরা বক্তৃতা দিলাম কিন্তু গণতন্ত্র তাঁরা বিশ্বাস করে না।” ভোটের আগে মহম্মদ সেলিম আলিয়া বিশ্ববিদ্যালয়ে এসেছেন? এই প্রশ্ন উঠতেই সিপিএম নেতা বলেন, “এখানে ভোট সংক্রান্ত আমি কিছুই আলোচনা করিনি। ওবিসি-ওয়াকফ-এসআইআর আর আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা হয়েছে।“
