WBCHSE President: পরীক্ষার মধ্যেই পদ হারালেন চিরঞ্জীব, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি পার্থ
WBCHSE new President Partha Karmakar: উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের লিখিত পরীক্ষা শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। তবে এখনও প্র্যাকটিক্যাল বাকি রয়েছে। ২ মার্চ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ মার্চ পর্যন্ত। তার মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বদল নিয়ে প্রশ্ন উঠছে।

কলকাতা: তাঁর মেয়াদ শেষ হয়নি। তার আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরানো হল চিরঞ্জীব ভট্টাচার্যকে। তাঁর জায়গায় সভাপতি হচ্ছেন পার্থ কর্মকার। বর্তমানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যুগ্ম-সচিব পদে রয়েছেন পার্থ। আগামী ২ মার্চ তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির দায়িত্ব নেবেন। কিন্তু, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার মধ্যেই সভাপদি পদে বদল নিয়ে প্রশ্ন উঠছে।
২০২১ সালের অগস্টে চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ২০২৫ সালের অগস্টে তাঁর কার্যকালের মেয়াদ পূর্ণ হয়। তারপর দু’দফায় তাঁর মেয়াদ বৃদ্ধ হয়। আগামী ৩১ অগস্ট তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই তাঁকে সংসদের সভাপতি পদ থেকে সরাল শিক্ষা দফতর। তিনি সভাপতি থাকাকালীনই উচ্চমাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে।
এদিকে, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের লিখিত পরীক্ষা শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। তবে এখনও প্র্যাকটিক্যাল বাকি রয়েছে। ২ মার্চ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ মার্চ পর্যন্ত।
পরীক্ষা চলাকালীন উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি বদল নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে শিক্ষা দফতর সূত্রে বলা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা খুবই চ্যালেঞ্জের। তিনি যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁর দায়িত্বে আরও মনোনিবেশ করতে পারেন, সেজন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চিরঞ্জীব ভট্টাচার্য। এতদিন একসঙ্গে দুটো দায়িত্ব পালন করছিলেন তিনি।
