
কলকাতা: রাজ্যের মন্ত্রী বলছেন, তাঁকে খুনের জন্য এসেছিল বিজেপির গুন্ডারা। মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। এখনও অভিযোগ দায়ের করেননি। এরই মধ্যে গিরিশ পার্কে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ। এবং ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে। বরাহনগরের ৩ বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এদিন রাতেই সজল ঘোষের নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।
এদিন ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিজেপি কর্মীদের যাওয়ার সময় গিরিশ পার্কে উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, তাঁর বাড়িতে হামলা হয়েছে। একটা থান ইট এসে তাঁর পেটে লেগেছে। এদিন সন্ধেয় শশী পাঁজার বাড়িতে আসেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কিছুক্ষণ মন্ত্রীর বাড়িতে থেকে বেরিয়ে যান তিনি। তবে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি।
তারপরই পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। পুলিশ জানিয়েছে, অশান্তির ঘটনায় আট পুলিশকর্মী জখম হয়েছেন। তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের না হওয়া নিয়ে শশী পাঁজা বলেন, “পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে। আমাদের তরফ থেকেও অভিযোগ করা হবে। সেই প্রক্রিয়া চলছে। যারা আহত হয়েছে, তাদের তরফেও অভিযোগ হবে। আমার দলীয় কর্মীরা আহত হয়েছে। মহিলা পুলিশ আহত হয়েছেন। আমি নিজে আহত হয়েছি।”
পুলিশ যে চারজনকে গ্রেফতার করেছে, তার মধ্যে তিনজন বরাহনগরের বিজেপি কর্মী। ধৃতদের নাম চরঞ্জিত সিং, সানি দে ও কৃষাণু বোস।
বরানগর বিধানসভা অঞ্চল থেকে তিনজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সম্পূর্ণ নির্দোষ, এই অন্যায় গ্রেফতারের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির কর্মীরা থানা ঘেরাও করছে l