Sandip Ghosh: মাথায় তিলক পরে সিজিও-তে গেলেন সন্দীপ ঘোষ, চলল ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Sandip Ghosh at ED office: সিবিআই তদন্তের পর সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। হাসপাতালের বায়ো-মেডিকেল বর্জ্য দুর্নীতি, অনিয়ম, টেন্ডারে বেনিয়ম এবং স্বজনপোষণের মতো একাধিক গুরুতর অভিযোগ সামনে আসে তাঁর বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশে সিবিআই (CBI) এই আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলার তদন্তভার হাতে নেয়।

কলকাতা: একটানা প্রায় ৯ ঘন্টা জেরা শেষে রাত ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। জানা গিয়েছে, তাঁকে ফের ইডি দফতরে ডাকা হতে পারে। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ সিজিওতে যান তিনি। কপালে টিকা পরে প্রবেশ করতে দেখা যায় তাঁকে।
সাংবাদিকরা প্রশ্ন করলেও এদিন প্রবেশ করার সময় বা বেরনোর সময় সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি তিনি। গত ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করে।
২০২৪ সালের অগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা ঘিরে প্রশ্ন ওঠে।
সিবিআই তদন্তের পর সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। হাসপাতালের বায়ো-মেডিকেল বর্জ্য দুর্নীতি, অনিয়ম, টেন্ডারে বেনিয়ম এবং স্বজনপোষণের মতো একাধিক গুরুতর অভিযোগ সামনে আসে তাঁর বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশে সিবিআই (CBI) এই আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলার তদন্তভার হাতে নেয়।
মঙ্গলবার এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায় বলেন, “সন্দীপ ঘোষ চুরি করেছেন, এতে বিশেষ প্রমাণের দরকার নেই। মৃতদেহ থেকে জঞ্জাল চুরি, সিরিঞ্জ, ছুঁচ সর্বত্র চুরির হাত আছে। তবে কার তাঁবেদারিতে চুরি হয়েছিল, সেটা তদন্ত সাপেক্ষ। ভাগগুলো কোথায় কোথায় পৌঁছেছিল, তা তদন্ত করে দেখা হবে।”
