Kunal Ghosh: ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যকে নির্দেশ শাহর মন্ত্রকের, চিঠি পাঠিয়েছিলেন কুণাল
Kunal Ghosh allegation against Ritabrata Banerjee: রাজ্য সরকার ঋতব্রতকে আড়াল করবে না বলে আশা প্রকাশ করে কুণাল লিখেছেন, 'গোটা প্রক্রিয়া নজরে থাকবে। যে অফিসার আড়াল করতে যাবেন, যথাযথ পদক্ষেপ করব। চিঠিতে আমি আরও লিখেছি, যারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করছে, তারাই তদন্ত থেকে বাঁচছে, এই ধারণাটা খুব খারাপ হচ্ছে।'

কলকাতা: শুধু মৌখিক আক্রমণ নয়। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে লিখিত অভিযোগ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের। আর তারই পরিপ্রেক্ষিতে ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয় আবার ‘যথাযথভাবে’ খতিয়ে দেখতে হবে রাজ্য সরকারকে। এবং জানাতে হবে বিধায়ক কুণালকে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা পোস্ট করে জানালেন বেলেঘাটার বিধায়ক। নবান্নকে যে নির্দেশ দেওয়া হচ্ছে, তার কপি তাঁকেও পাঠানো হয়েছে বলে কুণাল জানালেন।
সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন কুণাল?
ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের রাজ্যকে খতিয়ে দেখতে অমিত শাহর মন্ত্রক নির্দেশ দিয়েছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কুণাল লিখেছেন, ‘রাজ্যের মুখ্যসচিবকে লিখিতভাবে এই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর দফতরের মাধ্যমে। চিঠির কপি পাঠানো হয়েছে আমাকে। চিঠি আসছে, বিশেষ সূত্র থেকে বার্তা পেয়েছিলাম। জন্মাষ্টমীর দিন এটি হাতে পেলাম। এরপর যথাযথ সময়ে আমি মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করে নেব।” ঋতব্রতকে অস্থায়ী বিরোধী দলনেতা বলে উল্লেখ করে তাঁর হুঁশিয়ারি, ‘যথাযথভাবে’ তদন্ত কীভাবে করাতে হয়, এবার সেই পর্ব শুরু।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ঋতব্রতর নেতৃত্বে বেশিরভাগ তৃণমূল বিধায়ক বিদ্রোহী হয়ে ওঠেন। তার পর থেকে ঋতব্রতকে সমানে আক্রমণ করে চলেছেন কুণাল। ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার পুরনো অভিযোগ টেনে টানা নিশানা করেন। সেই অভিযোগই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় কুণাল লিখেছেন, ‘বালুরঘাটের মহিলার অভিযোগসহ বিভিন্ন তথ্য, নথি ও ছবি দিয়ে আমি চিঠি পাঠিয়েছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এসব পচা মালপত্রকে প্রমোট করাটা যে তাঁদের পক্ষেও খারাপ, সেটাও লিখি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিটি বিবেচনা করে তাঁর দফতরকে দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে পাঠিয়েছেন। বলা হয়েছে ‘যথাযথভাবে’ দেখতে। আমি কেস রি-ওপেন করার দাবি রেখেছি। মহিলার কী হল, মৃত্যু হয়ে থাকলে তার প্রকৃত কারণ কী, এখন এসব দেখতে হবে।”
রাজ্য সরকার ঋতব্রতকে আড়াল করবে না বলে আশা প্রকাশ করে কুণাল লিখেছেন, ‘গোটা প্রক্রিয়া নজরে থাকবে। যে অফিসার আড়াল করতে যাবেন, যথাযথ পদক্ষেপ করব। চিঠিতে আমি আরও লিখেছি, যারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করছে, তারাই তদন্ত থেকে বাঁচছে, এই ধারণাটা খুব খারাপ হচ্ছে। আমার চিঠিটির বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনা করে রাজ্যের মুখ্যসচিবকে সংশ্লিষ্ট নির্দেশ পাঠানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, অন্তত এই ইস্যুতে, ধন্যবাদ।’
ঋতব্রতর সঙ্গে থাকা বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বার্তা দিয়ে কুণাল লিখেছেন, ‘যাদের নানা গল্প শুনিয়ে সঙ্গে রাখছে, তাঁরা ভাবুন, এই … সঙ্গে থাকবেন? বিবেকে লাগছে না?’ ঋতব্রত এবার দিল্লিও ছুটবেন বলে কটাক্ষ করেছেন কুণাল।
