Calcutta High Court: আপাতত ঋতব্রত বিরোধী দলনেতা নন, রায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট
Calcutta High Court on West Bengal Leader of Opposition: দলবিরোধী কাজের জন্য ১ জুন বহিষ্কার করা হয় ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। এর পর ৩ জুন বহিষ্কৃত সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা স্পিকারকে আর একটি চিঠি দেন। স্পিকার সেই চিঠির ভিত্তিতে পদক্ষেপ করেন এবং ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন শোভনদেব।

কলকাতা: বিরোধী দলনেতা কে হবেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শোভনদেব চট্টোপাধ্যায়? আজ কলকাতা হাইকোর্টে ছিল মামলার রায়দান। সেই মামলায় শেষপর্যন্ত শোভনদেবের আর্জি খারিজ করে দিল আদালত। শেষপর্যন্ত বিরোধী দলনেতা নির্বাচনে স্পিকারের কোর্টেই বল কলকাতা হাইকোর্টের। একইসঙ্গে ঋতব্রতও আপাতত বিরোধী দলনেতা থাকছেন না। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, বিরোধী দলনেতা কে হবেন, তার সিদ্ধান্ত নেবেন বিধানসভার স্পিকারই। বিরোধী দলনেতা নির্বাচনে ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি।
বিরোধী দলনেতা মামলা
বিধানসভা নির্বাচনে এবার ৮০টি আসনে জয় পেয়েছে তৃণমূল। সেই হিসেবে রাজ্যের প্রধান বিরোধী দল তারাই। দলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নির্বাচিত করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়কে। সে কথা স্পিকারকে জানিয়ে গত ৯ মে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের তরফে। অভিযোগ, তার ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপই করেননি। পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে। দলবিরোধী কাজের জন্য ১ জুন বহিষ্কার করা হয় ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। এর পর ৩ জুন বহিষ্কৃত সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা স্পিকারকে আর একটি চিঠি দেন। স্পিকার সেই চিঠির ভিত্তিতে পদক্ষেপ করেন এবং ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন শোভনদেব।
আজ রায়দান
বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ জানিয়েছে, ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত আইনসম্মত নয়। বিরোধী দলনেতা কে হবেন, তা নতুন করে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে। বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন। বিচারপতির রায়, বিরোধী দলনেতা কে হবেন, ১০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে। নাম জানাতে হবে বিরোধী দলনেতার।
