Newtown: নিউটাউনের এবার বাঘ! তৈরি এনক্লোজার
Royal Bengal Tigers at Harinalaya: ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে প্রায় সাড়ে ১২ একর জমির উপর অবস্থিত এই মিনি জু-তে বাঘের জন্য একটি বিশেষ এনক্লোজার তৈরি করা হয়েছে। এনক্লোজারের ৭০ শতাংশের বেশি অংশ খোলা রাখা হয়েছে এবং বিশ্রামের জন্য একটি গুহার মতো বিশেষ কাঠামোও রাখা হয়েছে।

কলকাতা: আলিপুর চিড়িয়াখানার পর এবার নিউ টাউনের হরিণালয়েও রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসার উদ্যোগ নিল রাজ্য বন দফতর। আগামী ২০২৭ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যেই নিউ টাউনের ইকো পার্ক লাগোয়া হরিণালয়ে বাঘ আনার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার হরিণালয়ের পরিকাঠামো ও বাঘের এনক্লোজার সরেজমিনে পরিদর্শন করেন বনমন্ত্রী মনোজ ওঁরাও। পরিদর্শন শেষে তিনি জানান, বাঘ রাখার পরিকাঠামো প্রায় সম্পূর্ণ, কেবল সামান্য কিছু কাজ বাকি রয়েছে। সেই কাজ শেষ হওয়ার পরেই সেন্ট্রাল জু অথরিটি বা CZA-র কাছে প্রয়োজনীয় অনুমতির জন্য আবেদন করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হতে পারে। পরবর্তীতে পরিস্থিতি ও পরিকাঠামো খতিয়ে দেখে বাঘের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হবে।
ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে প্রায় সাড়ে ১২ একর জমির উপর অবস্থিত এই মিনি জু-তে বাঘের জন্য একটি বিশেষ এনক্লোজার তৈরি করা হয়েছে। এনক্লোজারের ৭০ শতাংশের বেশি অংশ খোলা রাখা হয়েছে এবং বিশ্রামের জন্য একটি গুহার মতো বিশেষ কাঠামোও রাখা হয়েছে। দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাঘের বিচরণক্ষেত্র ও দর্শকদের মাঝে শক্তপোক্ত কাচের দেওয়াল ও লোহার বেড়া রাখা হচ্ছে, যার ওপরের অংশে থাকবে বিদ্যুৎ-চালিত নিরাপত্তা ব্যবস্থা।
বাঘ স্থানান্তরের আগে এলাকার সমস্ত বিপজ্জনক ধাতব বস্তু পরিষ্কার করা হবে এবং নতুন পরিবেশে আনার পর প্রথমে সেটিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। উল্লেখ্য, এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও হরিণালয়ে বাঘ আনার পরিকল্পনা হলেও তা বাস্তবায়িত হয়নি। তবে এ বার নতুন উদ্যোগে সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বছর বসন্তের শেষেই নিউ টাউনের হরিণালয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শোনা যাবে বলে আশা করা হচ্ছে।
