Sealdah Division New EMU Trains: শিয়ালদহ ডিভিশনে একাধিক নতুন ট্রেন, দেখে নিন তালিকা
Eastern Railway launches new EMU train services in Sealdah Division: এই নতুন ট্রেন পরিষেবাগুলি চালু হলে অফিস টাইমের অতিরিক্ত ভিড় অনেকটাই কমবে বলে আশা করলে রেল। বিশেষ করে ডায়মন্ড হারবার, সোনারপুর, বারাসত ও হাসনাবাদ শাখার হাজার হাজার নিত্যযাত্রী সরাসরি উপকৃত হবেন।

কলকাতা: শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর। ট্রেনগুলিতে ভিড় কমাতে এবং আর উন্নত পরিষেবার জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) একাধিক নতুন ইএমইউ ট্রেন পরিষেবা চালু হচ্ছে। আগামী ১৫ জুন থেকে চালু হতে চলেছে এই অতিরিক্ত ট্রেনগুলি। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানালেন শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা।
শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের জন্য সুখবর-
এদিন শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, “মেন লাইনের তুলনায় দক্ষিণে ভিড় বেশি হয়। সেদিকে নজর রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে ডায়মন্ড হারবার সেকশনে সকালে প্রচুর ভিড় হয়। সেইদিকে নজর রেখে স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে।”
কখন ছাড়বে ট্রেনগুলি-
- সোনারপুর থেকে ডায়মন্ড হারবারগামী নতুন ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫ মিনিটে। ডায়মন্ড হারবারে পৌঁছবে সকাল ৭টা ১০ মিনিটে।
- ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহগামী নতুন EMU ছাড়বে সকাল ৭টা ২২মিনিটে। শিয়ালদহ পৌঁছবে সকাল ৮টা ৫৮ মিনিটে।
- শিয়ালদহ থেকে সোনারপুরগামী নতুন EMU ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিটে। সোনারপুর পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে।
শুধু শিয়ালদহ দক্ষিণ শাখায় নয়। বারাসত, হাসনাবাদ রুটেও নতুন ট্রেন চালু হচ্ছে। হাসনাবাদ থেকে বারাসতগামী প্রতিদিন নতুন ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে। বারাসত পৌঁছবে বিকেল ৪টা ৩৯ মিনিটে।
আবার বর্তমানে শিয়ালদহ থেকে চলা ৩৩৪৩১ বারাসত লোকাল এবার সরাসরি হাসনাবাদ পর্যন্ত যাবে। শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৮টা ৫৮ মিনিটে। হাসনাবাদ পৌঁছবে সকাল ১১টা ৬ মিনিটে।
এই নতুন ট্রেন পরিষেবাগুলি চালু হলে অফিস টাইমের অতিরিক্ত ভিড় অনেকটাই কমবে বলে আশা করলে রেল। বিশেষ করে ডায়মন্ড হারবার, সোনারপুর, বারাসত ও হাসনাবাদ শাখার হাজার হাজার নিত্যযাত্রী সরাসরি উপকৃত হবেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে ট্রেনগুলিতে মহিলা কোচ কমানোর দাবি উঠলেও পূর্ব রেল স্পষ্ট জানিয়েছে, মহিলা কোচের সংখ্যা কমানো হবে না। প্রতিটি পরিষেবায় মহিলাদের জন্য ৩টি কোচ সংরক্ষিত থাকবে। মহিলা যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য রেলের সর্বোচ্চ অগ্রাধিকার। পুরুষদের মহিলা কোচে ওঠার অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিলেন রাজীব সাক্সেনা।
গত কয়েকদিনে বিভিন্ন স্টেশনে বেআইনি স্টলগুলি তুলে দিচ্ছে রেল। হকার উচ্ছেদে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এই নিয়ে শিয়ালদহ ডিআরএম বলেন, “হকার উচ্ছেদ নিয়ে হাইকোর্টের নির্দেশ এখনও দেখিনি।” তবে তিনি জানান, “রেলওয়ের নীতি হল, শহরতলির যেসব স্টেশনে যাত্রী সংখ্যা বেশি হয়, সেখানে বৈধ স্টলও দেওয়া হয় না। আর অবৈধ স্টল থাকলে যাত্রীদের যাতায়াতে অসুবিধা হয়। এটা সুরক্ষার বিষয়।”
