Shankar Ghosh: জনতার ‘কাছাকাছি’ শঙ্কর ঘোষ, মন্ত্রীর সঙ্গে দেখা করে এবার সরাসরি জানাতে পারবেন অভিযোগ, অ্যাপয়নমেন্ট বুক করুন এইভাবে
Shankar Ghosh Wesbsite: শঙ্কর ঘোষের ওয়েবসাইটটি হল https://shankarghosh.in/। কীভাবে জানাবেন অভিযোগ? ওয়েবসাইটে রয়েছে 'লজ এ কমপ্লেইন্ট' অপশন। আপনি কোন বিষয়ে অভিযোগ করবেন, তার জন্য একটি তালিকা দেওয়া হয়েছে। যেমন- রাস্তা ও নিকাশি, জল ও বিদ্যুৎ, বেআইনি নির্মাণ, দুর্নীতি বা সিন্ডিকেট, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন।

কলকাতা: রাস্তা খারাপ? ঠিকমতো জল আসছে না বা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ রয়েছে? তাহলে সেই অভিযোগ সরাসরি জানাতে পারবেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রীকে। এবার জনসাধারণের ‘কাছাকাছি’ শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। নিজের এলাকার কোনও সমস্যা বা অভিযোগ জানাতে সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। অনলাইনে (Online Application) মিলবে সেই সুযোগ। নিজের একটি ওয়েবসাইট চালু করেছেন মন্ত্রী। সেখানেই সব অভিযোগ জানাতে পারবেন। এছাড়া,মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অ্যাপয়নমেন্ট বুকও (Shankar Ghosh Appointment Book) করা যাবে ওই ওয়েবসাইটে। কীভাবে অভিযোগ করবেন, বা মন্ত্রীর সঙ্গে দেখা করতে কী কী করতে হবে, দেখে নেওয়া যাক…
ওয়েবসাইটে কীভাবে অভিযোগ করবেন?
শঙ্কর ঘোষের ওয়েবসাইটটি হল https://shankarghosh.in/। কীভাবে জানাবেন অভিযোগ? ওয়েবসাইটে রয়েছে ‘লজ এ কমপ্লেইন্ট’ অপশন। আপনি কোন বিষয়ে অভিযোগ করবেন, তার জন্য একটি তালিকা দেওয়া হয়েছে। যেমন- রাস্তা ও নিকাশি, জল ও বিদ্যুৎ, বেআইনি নির্মাণ, দুর্নীতি বা সিন্ডিকেট, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন। আপনার সমস্যা যদি তালিকার বাইরে হয়, তাহলে ‘সামথিং এলস’ বিকল্পটিও বেছে নেওয়া যাবে।
তালিকায় থাকা একটি বিকল্পকে বেছে নিতে হবে। এরপর নিজের ওয়ার্ড বা এলাকার নাম ও সমস্যার বিস্তারিত বিবরণ লিখতে হবে। পরবর্তী ধাপে নাম ও মোবাইল নম্বর দিতে হবে। ইমেল আইডি দেওয়া ঐচ্ছিক। জমা দেওয়া তথ্য সঠিক, তা নিশ্চিত করে অভিযোগ জমা দিতে হবে। অভিযোগ জমা পড়লেই একটি রেফারেন্স আইডি দেওয়া হবে। সেই নম্বর ব্যবহার করে পরবর্তীতে ওয়েবসাইটের ‘ট্র্যাক এ কমপ্লেইন্ট’ অপশন থেকে অভিযোগের স্ট্যাটাস জানা যাবে।
মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান?
শুধু অভিযোগ নয়, শঙ্কর ঘোষের সঙ্গে সরাসরি দেখা করার জন্যও ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। ‘বুক অ্যান অ্যাপয়েনমেন্ট’ অপশনে গিয়ে প্রথমে শিলিগুড়ি অথবা কলকাতা, কোথায় দেখা করতে চান তা বেছে নিতে হবে। এরপর মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য, আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, কতজন দেখা করতে যাবেন এবং তারিখ জানাতে হবে। প্রয়োজনে বৈঠকের আগে মন্ত্রীর দফতরের জানা প্রয়োজন, এমন কোনও তথ্যও সেখানে লেখা যাবে।
এরপর পছন্দের সময় বেছে নিয়ে অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ পাঠানো যাবে। ওয়েবসাইটে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে একাধিক টাইম স্লট রয়েছে ওয়েবসাইটে। তবে আবেদন করলেই সাক্ষাৎ নিশ্চিত নয়। দফতরের তরফে ফোন অথবা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা হবে। শিলিগুড়ির ক্যাম্প অফিস গুরু সদয় দত্ত রোডে। কলকাতায় সাক্ষাতের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার সময় দফতর থেকে ঠিকানা জানানো হবে।
হোয়াটসঅ্যাপেও জানানো যাবে সমস্যা
৮৯১৮৪৬৫৮৪৮ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্যার কথা জানানো যাবে। তবে ওই নম্বরে ফোন করা যাবে না। ওয়েবসাইট অনুযায়ী, সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযোগ করা যাবে।
উল্লেখ্য, এর আগে রাজ্যের আরও এক বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি ওয়েবসাইট চালু করেছেন। ওই ওয়েবসাইটে এলাকাবাসী নিজেদের অভাব-অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি সেখানে এলাকার কাজকর্মের অগ্রগতির খবরও জানা যাবে। আইনি বা প্রশাসনিক বিষয়েও যোগাযোগের সুবিধা রয়েছে।
