Durga Puja: অনন্য উদ্যোগ সিদ্ধা গ্যালাক্সিয়া ফেজ-১’র, পুজোর উদ্বোধন করবেন অ্যাসিড আক্রান্তরা
Siddha Galaxia Durga Puja 2026: ষষ্ঠীতে হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধে সাড়ে ৬টায় আসছেন অভিনেত্রী সুমন দাস। এবং সন্ধে সাড়ে সাতটায় মঞ্চ মাতাবেন লোকসঙ্গীত শিল্পী প্রিয়ঙ্কনা শিলাদিত্য। পুজোর বাকি দিনগুলিতে রয়েছে নানা অনুষ্ঠান।

কলকাতা: হার না মানা জেদ। লড়াই। সাহসিকতার প্রতীক। তাঁরাও এক একজন দুর্গা। আর অ্যাসিড আক্রান্ত দশ ‘দুর্গা’-ই উদ্বোধন করবেন দুর্গাপুজোর। এমনই অনন্য উদ্যোগ নিয়েছে সিদ্ধা গ্যালাক্সিয়া ফেজ-১। শুধু উদ্বোধনে অনন্য উদ্যোগ নয়, পুজোর কয়েকদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানকার পুজোর উদ্যোক্তারা। দুর্গোৎসব উপলক্ষে এই আবাসন প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এক জমকালো দিনভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন থাকছে সুর, নৃত্য, নাটক এবং বিশেষ সামাজিক উদ্যোগের মেলবন্ধন।
উদ্যোক্তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, উৎসবের বিশেষ আকর্ষণ ও সূচি নিম্নরূপ:
পঞ্চমী: মহাপঞ্চমীর দিন এক অনন্য ও মানবিক উদ্যোগের মাধ্যমে উৎসবের সূচনা হবে। বৃহস্পতিবার দশ অ্যাসিড আক্রান্ত বিশিষ্টজন দুর্গাপুজোর উদ্বোধন করবেন। এরপর তাঁদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী দর্শনা বণিক।
মহাষষ্ঠী: ষষ্ঠীতে হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধে সাড়ে ৬টায় আসছেন অভিনেত্রী সুমন দাস। এবং সন্ধে সাড়ে সাতটায় মঞ্চ মাতাবেন লোকসঙ্গীত শিল্পী প্রিয়ঙ্কনা শিলাদিত্য।
মহাসপ্তমী: সপ্তমী ও সংলগ্ন দিনগুলো ঘিরে সিদ্ধা গ্যালাক্সিয়া রেসিডেন্স প্রাঙ্গণে থাকছে দুই দিনব্যাপী বিশেষ আয়োজন। এতে শাস্ত্রীয় পূজা আচার-অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ মঞ্চ নাটক।
মহাষ্টমী: অষ্টমীর সন্ধেয় সুরের ঝঙ্কার তুলবেন সঙ্গীতশিল্পী ঈশান মিত্র। তাঁর বিশেষ সঙ্গীত পরিবেশনা উদযাপনে যোগ করবে নতুন মাত্রা।
মহানবমী: নবমীর আবহে মেতে উঠবে প্রথাগত উদযাপনে। ‘নবরাত্রি ডান্ডিয়া’-র বিশেষ আয়োজনে সনাতন আনন্দ সঙ্গীত, বর্ণিল পোশাক এবং ঐতিহ্যবাহী ডান্ডিয়া রাস ও নৃত্যের মাধ্যমে রঙিন হয়ে উঠবে উৎসবের রাত।
দশমী: দেবী বরণের পাশাপাশি দশমীর মূল আকর্ষণ হিসেবে থাকছে ঐতিহ্যবাহী ধুনুচি নাচ, ঢাকের বোল এবং বিশেষ অনুসঙ্গে উৎসবমুখর ‘নাসিক ঢোল’ পরিবেশনা।

উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা ও রূপায়ণের জন্য একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন অর্পণ সাহা। যুগ্ম সম্পাদক হয়েছেন সৌম্যদীপ স্যান্যাল ও কুণাল গোস্বামী। যুগ্ম কোষাধ্যক্ষ লাবণী পণ্ডিত দে ও শুভজিৎ বাগ।
