Sovandeb Chatterjee: স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, ঋতব্রতদের বিধায়ক পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব
Sovandeb Chattopadhyay Moves SC : বিধানসভার স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শোভনদেব। ঋতব্রতদের বিধায়ক পদ খারিজের আবেদন করা হয়েছে। মামলায় যুক্ত করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং ফিরহাদ হাকিম-সহ ১০ জন বিধায়কদের। সূত্রের খবর, বিধানসভার স্পিকারের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করেছেন তিনি।

কলকাতা: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের (Ritabrata Banerjee) বিধায়ক পদ খারিজ চেয়ে ফের সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ মমতা তৃণমূলের (Mamata TMC) বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছেন তিনি। সূত্রের খবর, স্পিকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শোভনদেব। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি হতে পারে।
১০ বিধায়কের সদস্যপদ খারিজ ও মামলা
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান ও রথীন ঘোষ- এই দশ বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন করে রথীন্দ্র বসুকে চিঠি লিখেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই চিঠির প্রেক্ষিতে কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না, সেখানে স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মমতা তৃণমূল।
প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, ২০২০ সালে সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়েছে, কোনও বিধায়কের বিরুদ্ধে বিধায়কপদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক ক্ষমতা স্পিকারের হাতে রয়েছে। তবে এর জন্য স্পিকারকে উপযুক্ত সময় দেওয়া হবে। সাধারণত তিন মাসের মধ্যে ওই সিদ্ধান্ত নেওয়া উচিত। সেক্ষেত্রে, গত ৮ জুলাই বিধানসভার স্পিকারের কাছে ঋতব্রতদের বিধায়কপদ খারিজের আর্জি জানিয়েছিলেন শোভনদেব। সেক্ষেত্রে শেষ সময়সীমা ছিল ৮ অক্টোবর। নির্ধারিত দিনেই সিদ্ধান্ত নেন বিধানসভার স্পিকার। জানিয়ে দেন, শোভনদেবের পিটিশন খারিজ করা হচ্ছে। প্রক্রিয়াগত ত্রুটির কারণেই শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা দলত্যাগের অভিযোগের আবেদন খারিজ করা হয়েছিল বলে খবর।
ফের মামলা সুপ্রিম কোর্টে
বিধানসভার স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শোভনদেব। ঋতব্রতদের বিধায়ক পদ খারিজের আবেদন করা হয়েছে। মামলায় যুক্ত করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং ফিরহাদ হাকিম-সহ ১০ জন বিধায়কদের। সূত্রের খবর, বিধানসভার স্পিকারের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করেছেন তিনি। স্পিকারের ভূমিকা যথাযথ পালন করছেন না বলে দাবি করেছেন তিনি। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানির সম্ভাবনা।
