Sukanta on Baruipur: গুলি ছুড়লে তো আর পুলিশ জয়নগরের মোয়া ছুড়বে না: সুকান্ত
Baruipur Case: এখানে উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হয়ে আসার পর শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছিলেন পুলিশের গায়ে হাত তুললে রেয়াত করা হবে না। অপরাধীদের বার্তা দিয়ে বলেন, "আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী কেউ হবে না।" কার্যত পুলিশকে ফ্রি-হ্যান্ড দিয়েছেন তিনি। এবার সেই পুলিশই বুঝিয়ে দিল বারুইপুরের অভিযুক্তকে।

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মঙ্গলবার বলেছিলেন কোনও রেয়াত নয়। ধর্ষণের মতো অপরাধের যে কোনও ক্ষমা নেই তা নিয়ে কার্যত বুঝিয়ে দিল শুভেন্দুর পুলিশ। মঙ্গলবার রাতে বারুইপুরের ঘটনায় এনকাউন্টার করা হল এক অভিযুক্তকে। পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত। তখনই এনকাউন্টার। আর এই নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলিই ছুড়বে। অন্যদিকে, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য, দলমত নির্বিশেষে কেউ যদি অন্যায় করে তবে শাস্তি তাকে পেতেই হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,অপরাধের পুর্ননির্মাণের জন্য মঙ্গলবার পুলিশ রাত্রিবেলা অভিযুক্তকে নিয়ে বারুইপুরের সূর্যপূরে নিয়ে গিয়েছিল। পুলিশের দাবি, রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ অভিযুক্ত আচমকাই পুলিশের বন্দুক ছিনিয়ে নেয়। তারপর পালানোর চেষ্টা করে। এরপর পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় অভিযুক্ত বলে দাবি করেছে পুলিশ। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, অভিযুক্তকে মৃত বলে ঘোষণা করা হয়। এই নিয়েই বলতে গিয়ে সুকান্ত বলেছেন, “পুলিশের দিকে গুলি ছুড়লে, পুলিশ তো আর জয়নগরের মোয়া ছুড়বে না। গুলিই ছুড়বে। তাতেই ঘটনা ঘটেছে হয়ত।”
অন্য দিকে, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “যে দৌরাত্ম চলেছিল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে সরকার পদক্ষেপ করেছে। কিন্তু কোনও অপরাধীকে ছেড়ে রাখা যাবে না। কোনও রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না। এই ঘটনা সেইটাই প্রমাণ করল।”
এখানে উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হয়ে আসার পর শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছিলেন পুলিশের গায়ে হাত তুললে রেয়াত করা হবে না। অপরাধীদের বার্তা দিয়ে বলেন, “আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী কেউ হবে না।” কার্যত পুলিশকে ফ্রি-হ্যান্ড দিয়েছেন তিনি। এবার সেই পুলিশই বুঝিয়ে দিল বারুইপুরের অভিযুক্তকে।
