Teachers Transfer: শিক্ষক বদলিতে বড় বদল আনার পথে রাজ্য়, স্কুল পছন্দ করার অপশন কি আর থাকবে?
WB Government: কোনও স্কুলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক রয়েছেন কি না, আবার কোনও স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছেন কি না, বদলির ক্ষেত্রে গুরুত্ব পাবে সেই বিষয়গুলিও। শিক্ষক বদলির অনুমোদনের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পরিবর্তে শিক্ষা দফতরকে সরাসরি দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা চলছে।

কলকাতা: রাজ্যের শিক্ষক বদলি নীতিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। নতুন বদলি নীতি আনতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যই বদলি নীতি নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে আলোচনা চলছে। শিক্ষক বদলির (Teachers Transfer) ক্ষেত্রে এবার নতুন নিয়ম চালুর পথে রাজ্য শিক্ষা দফতর। বদলাতে পারে উৎসশ্রী পোর্টাল-সহ পুরনো একাধিক বদলি বিধি।
২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ও স্পেশাল গ্রাউন্ড এবং ২০১৮ সালের বদলি সংক্রান্ত বিধিতে পরিবর্তন আনার ভাবনা রয়েছে রাজ্য সরকারের। নতুন নিয়মে আগের মতো পছন্দের তিনটি স্কুল বেছে নেওয়ার সুযোগ নাও থাকতে পারে শিক্ষকদের।
শিক্ষক বদলির ক্ষেত্রে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও পড়ুয়ার সংখ্যার অনুপাতের উপর। গ্রাম ও শহরের স্কুলগুলিতে শিক্ষক-পড়ুয়ার সংখ্যার ভারসাম্য ফেরাতেই নতুন বদলি নীতি আনার উদ্যোগ নিয়ে শিক্ষা দফতর।
কোনও স্কুলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক রয়েছেন কি না, আবার কোনও স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছেন কি না, বদলির ক্ষেত্রে গুরুত্ব পাবে সেই বিষয়গুলিও। শিক্ষক বদলির অনুমোদনের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পরিবর্তে শিক্ষা দফতরকে সরাসরি দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা চলছে।
অতিরিক্ত শিক্ষক বা ‘সারপ্লাস টিচার’ সংক্রান্ত নতুন নির্দেশিকা বা SOP তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে সরকারের তরফে। তবে বদলির ক্ষেত্রে লক-ইন পিরিয়ড কতদিন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। জানা গিয়েছে, নতুন নির্দেশিকা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হবে। তারপর নতুন বদলি নীতিতে অনুমোদন দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। চলতি বছরের মধ্যেই নতুন বিধি জারির সম্ভাবনা।
