R G Kar Case: আর আশা নেই? একেবারে অতলে চলে গেল আর জি কর মামলা!
R G Kar Case: বিচারপতি বসাকের বক্তব্য, এই মামলা শোনার জন্য এই আদালতে মেনসন করা হয়েছে, প্রধান বিচারপতির কাছে ই-মেল করা হয়েছে। কিন্তু এই দীর্ঘ শুনানির মামলা দ্রুত শুনানি করে শেষ করে দেওয়া সম্ভব নয়। তাই এই কোর্ট এই সংক্রান্ত সবকটি মামলা ছেড়ে দিচ্ছে। প্রধান বিচারপতি এরপর কে এই মামলা শুনবেন সেটা ঠিক করবেন।

কলকাতা: আরজি কর মামলার ভবিষ্যৎ আরও অন্ধকারে। খুন হওয়া চিকিৎসকের পরিবারের পৃথক মামলা ও অন্য সব এই সংক্রান্ত মামলা রিলিজ করে দিল বিচারপতি দেবংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, এই মামলা পূর্বতন প্রধান বিচারপতি এই ডিভিশন বেঞ্চে সেই সময় শুনানির জন্য নির্দিষ্ট করেন। কারণ তখন ফৌজদারি মামলার আবেদন শুনতো এই আদালত। কিন্তু এখন আর সেই মামলা এই ডিভিশন বেঞ্চ শোনে না।
বিচারপতি বসাকের বক্তব্য, এই মামলা শোনার জন্য এই আদালতে মেনসন করা হয়েছে, প্রধান বিচারপতির কাছে ই-মেল করা হয়েছে। কিন্তু এই দীর্ঘ শুনানির মামলা দ্রুত শুনানি করে শেষ করে দেওয়া সম্ভব নয়। তাই এই কোর্ট এই সংক্রান্ত সবকটি মামলা ছেড়ে দিচ্ছে। এরপর কে এই মামলা শুনবেন, সেটা প্রধান বিচারপতি ঠিক করবেন।
২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত। কিন্তু এই রায়ে সন্তুষ্ট নন তিলোত্তমার বাবা-মা। পরে তাঁরা হাইকোর্টে আরও একটি মামলা দায়ের করেন। মামলার বক্তব্য ছিল, সিবিআই তদন্তে তাঁরা সন্তুষ্ট নন। তদন্তের আরও গতি বাড়ানো প্রয়োজন। অন্য কেউ জড়িত থাকতে পারে, মূল অপরাধীদের খুঁজে বার করা। ঘটনাস্থল থেকে অনেক প্রমাণ লোপাট হয়েছে। এই দাবিতে হাইকোর্টে মামলা করেন তিলোত্তমার বাবা-মা। সেই মামলা ছেড়ে দিল বিচারপতি দেবংশু বসাকের ডিভিশন বেঞ্চ। অনান্য মামলাও ছেড়ে দেয় বেঞ্চ।
