AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Federation Election: টলিপাড়াতেও এবার এসআইআরের কোপ! বাদ পড়ল কয়েক হাজার ভোটার

Federation Election-SIR:  জানা গিয়েছে, মোট চারটি স্টুডিয়োতে ভোটগ্রহণ হবে। টেকনিশিয়ান স্টুডিয়ো, এন্টি ওয়ান স্টুডিয়ো,  ইন্দ্রপুরী স্টুডিয়ো ও ভারতলক্ষ্মী স্টুডিয়ো। এই নির্বাচনের জন্য থাকবে প্রচুর পুলিশ মোতায়েন।‌ ইতিমধ্যেই লালবাজারকে ইমেল মারফত বিশাল সংখ্যক পুলিশের জন্য আবেদন করা হয়েছে। 

Tollywood Federation Election: টলিপাড়াতেও এবার এসআইআরের কোপ! বাদ পড়ল কয়েক হাজার ভোটার
ফাইল ছবি।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Oct 30, 2026 | 12:46 PM
Share

কলকাতা: টলিপাড়াতেও এবার পড়ল এসআইআরের থাবা। রাজ্যে পালাবদলের পর টলিপাড়াতেও স্বরূপ বিশ্বাস জমানা শেষ হয়েছে। এই পরিবর্তনের পর ফেডারেশনের প্রথম ভোট হতে চলেছে টলিপাড়ায়। স্বরূপ বিশ্বাস চলে যাওয়ার পর ফেডারেশনের নতুন সভাপতি কে হন, তা নিয়েই নির্বাচন। তবে তার আগেই জানা গেল যে রাজ্যে এসআইআরের থাবা পড়েছে টলিপাড়াতেও।

আগামী শনি ও রবিবার ভোট। আগে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৮০০০। এবার দেখা যাচ্ছে, দুইদিন মিলিয়ে মাত্র ৪১১০ জন ভোট দেবেন। জানা গিয়েছে, প্রথম দিন বৈধ ভোটারের সংখ্যা ২৪১০। দ্বিতীয় দিনের ভোটারের সংখ্যা ১৭০০। সূত্রের খবর,  এসআইআরে বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় ১০০০ বা তার থেকে কিছু বেশি। এমনও অনেকে রয়েছেন, যারা বৈধ ভোটারের তকমা পায়নি। এমন প্রায় ৩০০০ ভোটার রয়েছেন। এরা হলেন-

১. যারা ভোটার কার্ড জমা দিতে পারেনি

২. এই ভোটদানের জন্য বৈধ কাগজপত্র জমা দিতে পারেনি

৩. অনেকে আবার দুটো গিল্ডের সদস্য থাকায়, নিয়ম মাফিক একটা থেকে নাম বাদ পড়েছে।

কেন আনুমানিক হিসাব দেওয়া হচ্ছে বৈধ ও বাতিল ভোটারের?

জানা গিয়েছে, স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর ফেডারেশনের হার্ড ডিস্ক এখন পুলিশ হেফাজতে রয়েছে তদন্তের জন্য। তাই সঠিক  সংখ্যাও নেই ফেডারেশনের বর্তমান স্টপগ্যাপ পরিচালন কমিটির হাতে। সেই কারণেই আনুমানিক হিসাব ধরে এগোতে হচ্ছে।

২৩টি গিল্ডের ভোট হওয়ার কথা আগামী শনি ও রবিবার। গত বুধবার ছিল নমিনেশন জমা ও তোলার শেষ দিন।  ইতিমধ্যেই ৭টি গিল্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় মিলেছে। এই গিল্ডগুলি হল ডিরেক্টরস গিল্ড, ডান্সার গিল্ড, প্রোডাকশন ম্যানেজার গিল্ড, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ড, লাইট অপারেটর্স গিল্ড, ড্রাইভার্স গিল্ড ও মিউজিশিয়ানস গিল্ড।

বাকি ১৬টি গিল্ডের মধ্যে শনিবার ৫টি গিল্ডের নির্বাচন হবে। এগুলি হল মেকাপ আর্টিস্ট গিল্ড, সিনে ভিডিয়ো কস্টিউম গিল্ড,  ক্রাফ্ট ওয়ার্ক গিল্ড,  সিনে রাইটার্স গিল্ড এবং সিনে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ড।

রবিবার ১১টি গিল্ডের নির্বাচন হবে। এগুলি হল সাউন্ড গিল্ড, ইলেকট্রিশিয়ান গিল্ড,  হেয়ার ড্রেসার্স গিল্ড,  স্টিল ফটোগ্রাফার গিল্ড, আর্ট ডিরেক্টর্স গিল্ড। এছাড়াও ট্রলি সেটিং টেকনিশিয়ান গিল্ড,  এডিটর্স গিল্ড, সিনেমাটোগ্রাফার গিল্ড, কার্পেন্টার্স ও সেটিংস গিল্ড, স্টান্ট গিল্ড এবং জুনিয়র আর্টিস্ট গিল্ডে ভোট হবে রবিবার।

প্রসঙ্গত, পূর্ববর্তী তৃণমূল জমানায় টলিউডে বিশ্বাস ব্রাদার্সের একচেটিয়া রাজত্ব চলত বলে অভিযোগ। ব্যান কালচারে ওষ্ঠাগত হয়েছিল গোটা টলিউড। উঠেছিল দুর্নীতির অভিযোগ। মাঝেমধ্যেই টেকনিশিয়ানদের সংস্থার সঙ্গে আর্টিস্ট ফোরাম, প্রোডাকশনের ঝামেলায় বন্ধ থাকছিল শুটিং।

গিল্ড কার্ড দেওয়া নিয়েও অস্বচ্ছতার অভিযোগ ছিল। প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের একনায়কতন্ত্রে প্রাণ ওষ্ঠাগত ছিল টলিপাড়ায়। এবার টলিপাড়ায় স্বচ্ছতা আনতেই ভোট।

কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে?

১. যখন তখন শুটিং বন্ধ নয়

২. ব্যান কালচার বন্ধ হওয়া

৩. যোগ্যদের গিল্ড কার্ড প্রদান এবং গিল্ড কার্ড প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা

নির্বাচনে কী কী হবে-

জানা গিয়েছে, মোট চারটি স্টুডিয়োতে ভোটগ্রহণ হবে। টেকনিশিয়ান স্টুডিয়ো, এন্টি ওয়ান স্টুডিয়ো,  ইন্দ্রপুরী স্টুডিয়ো ও ভারতলক্ষ্মী স্টুডিয়ো। এই নির্বাচনের জন্য থাকবে প্রচুর পুলিশ মোতায়েন।‌ ইতিমধ্যেই লালবাজারকে ইমেল মারফত বিশাল সংখ্যক পুলিশের জন্য আবেদন করা হয়েছে।

শনি ও রবিবার টলিপাড়ায় শুটিং বন্ধ রাখা হয়েছে। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা জয়ী হবেন, সেই জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে এই দুইদিনেই। মূল ভোটগ্রহণ কেন্দ্র হবে টেকনিশিয়ান স্টুডিয়ো, যেখানে ডাইনিং এরিয়া, সেখানেই বসবে ভোটগ্রহণ কেন্দ্র।

Follow Us