Gunda Daman Act: ‘সংবিধানের পরিধির উর্ধ্বে’, গুণ্ডাদমন আইন নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা তৃণমূলের
Suvendu Adhikari: বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিধানসভায় পাশ হয়েছে গুণ্ডাদমন বিল। যার পোশাকি নাম ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোস্যাল অ্যাকটিভিজ বিল, ২০২৬’। অসামাজিক কার্যকলাপ রুখতে এই বিল বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নয়া দিল্লি: বিজেপি সরকারের আনা গুণ্ডাদমন বিল কোনওভাবেই মেনে নেবে না তৃণমূল কংগ্রেস। স্পষ্ট বার্তা দিলেন দলের সাংসদ দোলা সেন। পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হওয়া এই আইনকে সংবিধান-বিরোধী বলে উল্লেখ করেছেন তিনি। বিলটি আইন হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও যেতে পারে তৃণমূল।
সম্প্রতি রাজ্য বিধানসভায় পাশ হয় এই গুণ্ডাদমন বিল। এই বিল অনুসারে, পুলিশ সুপার বা তাঁর ঊর্ধ্বতন কোনও পুলিশ আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার যদি মনে করে যে কোনও ‘গুন্ডা’-কে আটক করা দরকার, যাতে সে ভবিষ্যতে অসামাজিক কাজ করতে না পারে, তাহলে আটকের নির্দেশ দিতে পারবে। এক বছর পর্যন্ত এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে বিলে।
এই বিল প্রসঙ্গে সাংসদ দোলা সেন বলেন, “এই বিল সংবিধানের পরিধির উর্ধ্বে। ব্রিটিশরা দু বছর আটকে রাখার কথা বলেছিল, এরা এক বছর করেছে। যা ইচ্ছা করা যাবে, যাকে ইচ্ছা আটকে রাখা যাবে। অত্যন্ত খারাপ আইন। ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ।” এখনও এই বিলে রাষ্ট্রপতির সই হয়নি, তবে দ্রুত হয়ে যাবে বলে মনে করছেন তিনি। দোলা সেন বলেন, “রাজ্যপাল এখনও সই করেননি। ইতিমধ্যেই বলতে শুনেছি, পাশ হয়ে গিয়েছে, প্রয়োগও হচ্ছে। নিন্দনীয় বিষয়।”
সংসদে এই বিল নিয়ে কথা বলতে চান তিনি। জিরো আওয়ারেও বিষয়টা তোলার চেষ্টা করেছেন। তিনি চান, বিরোধীরা সংসদের ভিতরে-বাইরে সর্বত্র এই নিয়ে সরব হবেন। আইনিভাবে বিরোধিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি। আইন হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পরই সুপ্রিম কোর্টে আবেদন জানাবে তৃণমূল। তাঁর মতে, কোনও সাধারণ মানুষের জন্য এই আইন মেনে নেওয়া সম্ভব নয়। প্রশাসন মর্জি মতো এক বছর যে কাউকে জেলে রেখে দিতে পারে, এমন আইন কোনওভাবেই তৃণমূল মানবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
