Abhishek Banerjee: ১ কোটি নামের টার্গেট ছিল? পয়েন্ট করে বুঝিয়ে দিলেন অভিষেক
Abhishek Banerjee on Bengal SIR: কমিশন সেই মর্মে সাপ্লিমেন্টারি লিস্ট জারি করে ৬০ লক্ষের মধ্য়ে বৈধ ভোটার নির্বাচনের আগেই চিহ্নিত করার বার্তা দিলেও সংশয় প্রকাশ করছেন অভিষেক। তাঁর কথায়, "যদি মে মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হয়, তা হলে আগামী ২০ তারিখের মধ্য়ে ভোট ঘোষণা করতে হবে। এই ২০ দিনের মধ্য়ে কি ৬০ লক্ষ ভোটারের মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে?"

কলকাতা: ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে সংশয় কাটছে না। শনিবার বিকালে চূড়ান্ত তালিকার আংশিক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানেই বিবেচনাধীন রয়েছে এই ৬০ লক্ষ ভোটার। যাদের নাম পক্ষান্তরে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলেই অভিযোগ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
রবিবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বদের একটি ভিডিয়ো সাংবাদিকদের সামনে তুলে ধরেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাতে দেখা যায়, শুভেন্দু থেকে সুকান্ত — প্রত্য়েকের মুখে একটিই দাবি। বাংলা থেকে বাদ যাবে ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম। অভিষেকের দাবি, “কমিশনকে আগে থেকেই টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল।” এরপরেই একটি পরিসংখ্যান তুলে ধরেন তিনি। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের কথায়, “খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ গেল। গতকাল ফর্ম ৭-এর মাধ্যমে আরও সাড়ে পাঁচ লক্ষ বাদ গেল। ৬০ লক্ষ এখনও বিবেচনাধীন। মোট সংখ্য়াটা ১ কোটি ২৪ লক্ষ। টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। এই অপদার্থগুলো (বিজেপি) ২০০ টার্গেট পার করতে পারে না, তাই গরিব মানুষকে নির্যাতন করে।”
বাংলার ৬০ লক্ষ ভোটার কমিশনের চোখে এখনও বিবেচনাধীন বা বিচারাধীন। এদিকে নির্বাচন দোরগোড়ায়। একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তা হলে এই ৬০ লক্ষ ভোটার কি আদৌ ভোট দিতে পারবেন। কমিশন সেই মর্মে সাপ্লিমেন্টারি লিস্ট জারি করে ৬০ লক্ষের মধ্য়ে বৈধ ভোটার নির্বাচনের আগেই চিহ্নিত করার বার্তা দিলেও সংশয় প্রকাশ করছেন অভিষেক। তাঁর কথায়, “যদি মে মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হয়, তা হলে আগামী ২০ তারিখের মধ্য়ে ভোট ঘোষণা করতে হবে। এই ২০ দিনের মধ্য়ে কি ৬০ লক্ষ ভোটারের মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে?”
তাঁর আরও দাবি, “প্রথমে ১৪ লক্ষ কেস অমীমাংসিত ছিল। বাকি সব নিষ্পত্তি হয়ে গিয়েছিল। রাতারাতি কোন জাদুবলে ৬০ লক্ষ ভোটার বিচারাধীন হয়ে গেলেন? কার অঙ্গুলিহেলনে এটা হল?” যদিও অভিষেকের এই সকল অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, “সুপ্রিম কোর্টে যাওয়ার আজ আস্ফালন কোথায় গেল? কোর্টেও জিতেছি, ভোটেও জিতব।”
